ইন্টারনেট সার্ভিস খাতের উদ্যোক্তাদের অর্থায়নসহ যাবতীয় ব্যাংকিং সেবা দিতে প্রাইম ব্যাংক এবং ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (আইএসপিএবি) মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষর হয়েছে। চুক্তি মোতাবেক আইএসপিএবির সদস্য প্রতিষ্ঠানগুলো প্রাইম ব্যাংক থেকে জামানতবিহীন সর্বোচ্চ ৫০ লাখ টাকা ঋণ ও অন্যান্য আর্থিক সেবা পাবে।
গতকাল ভার্চুয়াল সংবাদ সম্মেলনের মাধ্যমে ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা রাহেল আহমেদ এবং আইএসপিএবির প্রেসিডেন্ট মো. আমিনুল হাকিম এই অ্যালায়ন্স উদ্বোধন করেন। অনুষ্ঠানে ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী মোস্তাফা জব্বার উপস্থিত ছিলেন। আইএসপিএবি ও প্রাইম ব্যাংকের এ উদ্যোগ ইন্টারনেট সার্ভিস খাতের উদ্যোক্তাদের সহায়তা করবে। ফলে উদীয়মান এ খাতের প্রবৃদ্ধি আরও ত্বরান্বিত হবে। সৃষ্টি হবে নতুন কর্মসংস্থান। দেশের প্রত্যন্ত অঞ্চলে পৌঁছে যাবে ব্রডব্যান্ড সার্ভিস। উদ্যোক্তারা দেশের অর্থনীতিতে আরও বেশি অবদান রাখার সুযোগ পাবেন।
ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী মোস্তাফা জব্বার বলেন, ইন্টারনেট সার্ভিস খাতে বিনিয়োগের ক্ষেত্রে ব্যাংকিং সেক্টরের দূরত্বটা প্রাইম ব্যাংকের এই উদ্যোগের মাধ্যমে অনেক দূর হয়ে গেল। আশা করি অন্যান্য ব্যাংকও এগিয়ে আসবে। তিনি ইন্টারনেট সেবার ফি আরও কমানোর ওপর জোর দেন এবং শিক্ষা খাতে ইন্টারনেট আরও সহজলভ্য ও সাশ্রয়ী করার আহ্বান জানান।
এই চুক্তির আওতায় ইন্টারনেট সার্ভিস প্রতিষ্ঠানগুলো ওয়ার্কিং ক্যাপটিাল, ফিক্সড অ্যাসেট ক্রয় ও ক্যাপিটাল এক্সপেন্ডিচারের জন্য টার্ম লোন, ইন্টারন্যাশনাল ট্রেড সল্যুশন, ব্যাংক গ্যারান্টি, ওয়ার্ক অর্ডার ইত্যাদি অর্থায়ন সুবিধা পাবে। ঋণের জন্য দুই বছরের ব্যবসার অভিজ্ঞতা ও আইএসপিএবির সুপারিশপত্রের প্রয়োজন হবে।
প্রাইম ব্যাংকের ব্যবস্থাপনা পরচিালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা রাহেল আহমেদ বলেন, ডিজিটাল ব্যাংকিং সম্প্রসারণ এবং সরকারের ডিজিটাল বাংলাদেশ গড়তে ইন্টারনেট একটি জরুরি নিয়ামক। আমরা বিশ্বাস করি এই ঋণ সুবিধার ফলে ইন্টারনেট সার্ভিস প্রদানকারী কোম্পানিগুলো দেশের প্রত্যন্ত অঞ্চলে ব্রডব্যান্ড সার্ভিস নিয়ে যেতে পারবে। এই প্রসারমান খাতের আগামী দিনের অগ্রযাত্রায় সঙ্গে থাকতে প্রাইম ব্যাংক প্রতিশ্রুতিবদ্ধ।
