‘বার্সাগেট’ কেলেঙ্কারির প্রমাণ মেলেনি

আপডেট : ০৭ জুলাই ২০২০, ০১:১৯ পিএম

বার্সেলোনা সভাপতি জোসেপ মারিয়া বার্তোমেউয়ের অবস্থান সুদৃঢ় করতে মোটা অঙ্কের অর্থ খরচ করে সামাজিক যোগাযোগমাধ্যমে লিওনেল মেসিসহ তারকা খেলোয়াড়দের বিরুদ্ধে কুৎসা রটানোর যে অভিযোগ উঠেছিল তদন্তে এর প্রমাণ মেলেনি।

ফেব্রুয়ারিতে কাতালান এক সংবাদমাধ্যম বোমা ফাটানোর মতো তথ্য দেয়। তাদের এক প্রতিবেদনে দাবি করা হয়, সামাজিক যোগাযোগমাধ্যমে ক্লাব সভাপতি বার্তোমেউয়ের ভাবমূর্তি উজ্জ্বল করতে এবং দলের সাবেক ও বর্তমান তারকা খেলোয়াড়দের সমালোচনা করে আই৩ নামে একটি পিআর কোম্পানির সঙ্গে চুক্তি করেছে বার্সেলোনা।

বার্সেলোনার বিরুদ্ধে সেই অভিযোগ ‘বার্সাগেট’ নামে পরিচিতি পায়। তাতে ব্যাপক চাপে পড়ে বার্সেলোনা পরিচালনা পরিষদ। এর প্রেক্ষিতে গঠিত হয় স্বাধীন এক তদন্ত কমিটি। যুক্তরাজ্যভিত্তিক প্রতিষ্ঠান ‘প্রাইস ওয়াটার হাউস কুপারস’ কর্তৃক সেই তদন্তে ‘বার্সাগেট’ কেলেঙ্কারির কোনো সত্যতা পাওয়া যায়নি বলে জানানো হয়েছে।

বার্সেলোনা বোর্ড এক বিবৃতিতে এ খবর জানিয়েছে। তাতে বলা হয়েছে, যারা এসব কুৎসা রটিয়েছে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার জন্য ক্লাবের আইন পরামর্শক বিভাগকে নির্দেশনা দেওয়া হয়েছে।

বার্সেলোনার পরিচালনা বোর্ডের বিরুদ্ধে অভিযোগ ছিল, পিআর প্রতিষ্ঠানটিকে দিয়ে একশোর মতো টুইটার ও ফেসবুক অ্যাকাউন্টের মাধ্যমে ক্লাব কিংবদন্তি মেসি, জাভি, জেরার্ড পিকে, পেপ গার্দিওলা, কার্লেস পুয়োলদের সমালোচনা করা হতো। বিপরীতে উজ্জ্বল করা হতো বার্তোমেউয়ের ভাবমূর্তি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত