লালমনিরহাটের আদিতমারী উপজেলার বন্যা কবলিত মহিষখোচা ইউনিয়নের কুটিরপাড় এলাকায় জিও ব্যাগ স্থাপনের ভাঙন রোধে কাজ শুরু হয়েছে। মঙ্গলবার ভিডিও কনফারেন্সের মাধ্যমে কাজের উদ্বোধন করেছেন সমাজকল্যাণ মন্ত্রী নুরুজ্জামান আহমেদ।
তিস্তা নদীর তীরবর্তী মহিষখোচা ইউনিয়নের কুঠিরপাড়, গোবর্ধন ও চন্ডমারী এলাকায় তিস্তা নদীর ভাঙ্গন রোধে আয়োজিত ভিডিও কনফারেন্সে সমাজকল্যাণ মন্ত্রী নুরুজ্জামান আহমেদ বলেন, বর্তমান আওয়ামীলীগ সরকার তিস্তার ভাঙ্গন রোধে দীর্ঘমেয়াদী পরিকল্পনা গ্রহণ করেছেন। করোনার কারনে তা বাস্তবায়নে বিলম্বিত হচ্ছে। আশা করছি দ্রুতই ভাঙন রোধে কাজ শুরু হবে। এ সময় তিনি সবাইকে ধৈর্য্য ধারণ করে করোনাকে মোকাবেলার আহবান জানান।
এ উপলক্ষ্যে আয়োজিত সুধী সমাবেশে লালমনিরহাট জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মতিয়ার রহমান, উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ মনসুর উদ্দিন, পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আরিফুল ইসলাম, স্থানীয় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোছাদ্দেক হোসেন চৌধুরী, মিজানুর রহমান মিজান প্রমুখ উপস্থিত ছিলেন। ভাঙ্গন ঠেকাতে কুঠিরপাড়, গোবর্ধন ও চন্ডিমারী গ্রামের ভাঙ্গন কবলিত ৩শ ৮০মিটার এলাকায় পর্যায়ক্রমে ১৬ হাজার জিও ব্যাগ প্রতিস্থাপন করা হবে ।
