ব্লকবাস্টার আশিকির-পর বেশ কয়েকটি সিনেমায় তাকে দেখা গেলেও, বলিউডে সেভাবে আর পসার জমাতে দেখা যায়নি তাকে। ফলে বি টাউন থেকে ক্রমশ সরে যেতে শুরু করেন অনু আগরওয়াল। বেশ কয়েক বছর পর অনু আগরওয়াল যখন লাইম লাইটে আসতে শুরু করেছেন, সেই সময় একাধিক বিষয় নিয়ে মুখ খুলতে শুরু করেছেন তিনি।
এবার অনু আগরওয়াল মুখ খুললেন বলিউডের কাস্টিং কাউচ নিয়ে। অভিজ্ঞতার কথা বলতে গিয়ে অনু আগরওয়াল জানান, একবার ছবি গল্প শোনাতে গিয়ে এক পরিচালক তার বাড়িতে চলে আসেন সন্ধের দিকে। শুধু তাই নয়, হাতে পানীয়ের বোতল নিয়ে ওই পরিচালক অনু আগরওয়ালের বাড়িতে চলে আসেন বলে দাবি করেন অভিনেত্রী।
ওই পরিচালক যখন পানীয়ের বোতল নিয়ে অনু আগরওয়ালের বাড়িতে হাজির হন, তখন অভিনেত্রী স্পষ্ট জানিয়ে দেন, তিনি যেন সেখান থেকে চলে যান। ছবির গল্প শোনানোর নাম করে অভিনেত্রীর বাড়িতে পরিচালক কীভাবে পানীয়ের বোতল নিয়ে হাজির হন, তা ভেবেই সেদিন ওই ব্যক্তিকে সেখান থেকে বের করে দিয়েছিলেন বলে জানান অনু আগরওয়াল।
