উইন্ডিজকে চারদিনে টেস্ট জয়ের পরামর্শ লারার

আপডেট : ০৮ জুলাই ২০২০, ০২:০৩ এএম

কিংবদন্তি ব্রায়ান লারা বলেছেন, ইংল্যান্ডের বিপক্ষে টেস্টে অবশ্যই চার দিনের মধ্যে জয় তুলে নেওয়ার চেষ্টা করতে হবে ওয়েস্ট ইন্ডিজকে। কারণ লারার বিশ্বাস, পঞ্চম দিনে সেটা সম্ভব নয়।

সাউদাম্পটনে দুই দলের তিন ম্যাচের টেস্ট সিরিজ শুরু হচ্ছে বুধবার। এই সিরিজ দিয়েই করোনার কারণে দীর্ঘ দিন বন্ধ থাকার পর ফের আন্তর্জাতিক ক্রিকেট মাঠে ফিরছে। খেলাটা শুরু হবে বাংলাদেশ সময় বিকেল ৪টায়।

অতিথি দল উইন্ডিজের বোলিং লাইনআপ খুব শক্তিশালী। কিন্তু সাম্প্রতিক সময়ে দলটির ব্যাটিং রেকর্ড ভালো নয়। ২০১৭ সালে ইংল্যান্ড সফরে পর ১৯ টেস্টে দলটির ব্যাটিং গড় মাত্র ২৩.৫৯!

লারা তাই বলছেন, ‘তাদের (ক্যারিবীয়দের) তাৎক্ষণিকভাবে প্রতিপক্ষকে ঘায়েলের কৌশল নিতে হবে। ঘরের মাঠে ইংল্যান্ডকে হারানো সহজ নয়। তারা দুর্বার ফেভারিট দল।’

ক্যারিবীয়দের হয়ে ১৩১ টেস্টে ১১৯৫৩ রান করা লারার মনে করেন, জ্যাসন হোল্ডাররা কত দ্রুত ইংলিশ কন্ডিশনে মানিয়ে নিতে পারেন, তার ওপর সিরিজের ফল নির্ভর করছে।

বলেন, ‘তাদের চলার পথে আঘাত করতে হবে এবং ইংল্যান্ডের ওপর আধিপত্য বিস্তার করতে হবে। আমার মনে হয় না তারা শেষ পাঁচ দিন পর্যন্ত এটা ধরে রাখতে পারে। তাদের চার দিনের মধ্যে এটা করতে হবে। তাদের লিড নিতে হবে এবং তা ধরে রাখতে হবে।’

সিরিজের পরের দুই টেস্ট হবে ওল্ড ট্রাফোর্ডে। করোনার কারণে সবগুলো ম্যাচই হবে বায়ো-সিকিউর পরিবেশে, দর্শকশূন্য গ্যালারিতে।

সিরিজটি খেলতে ৯ জুন থেকে ইংল্যান্ডে অবস্থান করছে ওয়েস্ট ইন্ডিজ। গত বছর ঘরের মাঠে উইজডেন ট্রফি জিতে নেয় ক্যারিবীয়রা। তবে ১৯৮৮ সালের পর ইংল্যান্ডের মাটিতে সিরিজ জিততে পারেনি।

৩৪ টেস্ট সেঞ্চুরির মালিক লারা বলছেন, ‘এটি এমন একটি সিরিজ হতে যাচ্ছে যা পুরো বিশ্ব দেখবে। সবাই প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ সিরিজ আশা করছে। এটা জিততে পারলে তাই সমগ্র ওয়েস্ট ইন্ডিজবাসীর জন্য হবে বিশেষ কিছু। যদি সিরিজের প্রথম দিন তারা ভালো ক্রিকেট খেলতে পারে, ইংল্যান্ডের ওপর চাপ তৈরি করতে পারে, সেটা হবে মূল চালিকাশক্তি (জয়ের জন্য)।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত