কুমিল্লার দাউদকান্দিতে প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে দম্পতিসহ একই পরিবারের তিন সদস্য নিহত হয়েছেন। গতকাল মঙ্গলবার সকালে ঢাকা-মতলব আঞ্চলিক সড়কের কাজিরকোনা নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেনÑ চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার চরমান্দারী গ্রামের সিরাজুল ইসলাম (৮০), তার স্ত্রী জাহানারা বেগম (৭০) ও নাতি আবু বকর সিদ্দিক (১২)।
দাউদকান্দি থানার ওসি রফিকুল ইসলাম জানান, মঙ্গলবার সকালে প্রাইভেটকারে স্ত্রী ও নাতিসহ নারায়ণগঞ্জ থেকে চাঁদপুর যাচ্ছিলেন রফিকুল ইসলাম। পথে ঢাকা-মতলব আঞ্চলিক সড়কের কাজিরকোনা নামক স্থানে প্রাইভেটকারটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের একটি খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। দুর্ঘটনার পরপরই চালক পালিয়ে গেছে। আইনি প্রক্রিয়া শেষে লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।
এ ছাড়া একই দিন সকালে রাজধানীর তুরাগের ধউর বেড়িবাঁধে গাড়িচাপায় অজ্ঞাতপরিচয় এক নারী নিহত ও গাইবান্ধার পলাশবাড়ীতে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে উল্টে ২০ যাত্রী আহত হয়েছেন। তুরাগ থানার এসআই মশিউর রহমান জানান, মঙ্গলবার সকাল সাড়ে ৮টার দিকে ধউর বেড়িবাঁধে গাড়িচাপায় অজ্ঞাতপরিচয় এক নারীর ঘটনাস্থলেই মৃত্যু হয়। তাৎক্ষণিকভাবে ওই নারীর নাম-পরিচয় জানা যায়নি। তবে তার বয়স আনুমানিক ৫০-৫৫ বছর হবে। নিহতের পরিচয় শনাক্ত ও আশপাশের সিসিটিভি ফুটেজ দেখে বিষয়টি জানার চেষ্টা চলছে।
এদিকে গাইবান্ধা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার মো. বখতিয়ার উদ্দিন জানান, মঙ্গলবার সকালে বগুড়া থেকে ছেড়ে আসা কাজী পরিবহন নামে যাত্রীবাহী বাসটি গাইবান্ধা যাচ্ছিল। পথে পলাশবাড়ীর বেতকাপা ইউনিয়নের সাকোয়া গ্রামে পৌঁছালে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের একটি পুকুরে উল্টে যায়। পরে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করেন ফায়ার সার্ভিসের সদস্যরা। আহতদের গাইবান্ধা জেনারেল হাসপাতাল ও পলাশবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
