দিন-রাত রোগীদের পাশে তিন তরুণ চিকিৎসক

আপডেট : ০৮ জুলাই ২০২০, ০৬:১৯ এএম

লেগে থাকলে স্বপ্ন গন্তব্যের পথ দেখায় এর বাস্তব উদাহরণ তানজিল এহসান অভি ও তানজিল হাসান। নামের সঙ্গে পেশাতেও দারুণ মিল, দুজনেই চিকিৎসক এবং নারায়ণগঞ্জের রূপগঞ্জের ইউএস বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের শিক্ষক। করোনাকালে জেলার মানুষের ভরসার আশ্রয় তরুণ দুই চিকিৎসক দিনে করোনা রোগীদের সেবা দিচ্ছেন। রাতে ছুটে যাচ্ছেন দুস্থদের দ্বারে খাদ্য সহায়তা নিয়ে। পেশার দায়িত্ব ছাপিয়ে অভি ও হাসান জেলায় ‘মানবিক যোদ্ধা’ হিসেবে পরিচিতি পেয়েছেন।

স্থানীয়রা জানান, স্ত্রী ডা. আফরুন্নেসা মুনাকে নিয়ে ডা. তানজিল এহসান অভি রূপগঞ্জে করোনা রোগীদের টেলিমেডিসিন সেবা দিচ্ছেন। অন্যদিকে ডা. তানজিল হাসান বেসরকারি উদ্যোগে প্রতিষ্ঠিত গাজী পিসিআর ল্যাবে নমুনা পরীক্ষার কাজ করছেন। দিনভর কাজ করলেও তাদের বিশ্রাম নেই। রাতে যথাযথ সুরক্ষাসামগ্রী ব্যবহার করে দুজনই মানুষের দ্বারে দ্বারে যাচ্ছেন। করোনা সংকটে অসহায়, হতদরিদ্র ও কর্মহীন মানুষের মধ্যে নিজ উদ্যোগে খাবার পৌঁছে দিচ্ছেন।

ডা. অভি ও হাসানের বাড়ি রূপগঞ্জ উপজেলার রূপসীতে। ছোট থেকে একই পাড়ায় বেড়ে ওঠেন। গল্প-আড্ডা ও একসঙ্গে খেলা করেছেন তারা। নিজেদের স্বপ্নের গন্তব্য তারা তখনই ঠিক করেন, বড় হয়ে চিকিৎসক হবেন, এলাকার মানুষের পাশে থেকে সেবা করবেন। স্বপ্নের পেছনে লেগে থেকে আজ তারা সফলতার পথে এগিয়ে চলেছেন। এমবিবিএস পাসের পর রাজধানীর নামিদামি হাসপাতালে চাকরির সুযোগ বিনীতভাবে না করেছেন শুধুমাত্র এলাকার মানুষের জন্য।

ডা. অভি, তার স্ত্রী ডা. আফরুন্নেসা মুনার টেলিমেডিসিন সেবায় রূপগঞ্জের অনেক করোনা রোগী উপকৃত হওয়ার কথা জানিয়েছেন। ইতিমধ্যে এই দম্পতি উপজেলার অর্ধশতাধিক করোনা আক্রান্তকে সেবা দিয়েছেন, যারা এরইমধ্যে সুস্থ হয়েছেন। ডা. তানজিল হাসান গাজী পিসিআর ল্যাবে নমুনা পরীক্ষা ছাড়াও মুঠোফোনে চিকিৎসা পরামর্শ দিচ্ছেন। এই দুই চিকিৎসক সাধারণ মানুষকে মাস্ক ব্যবহারে সচেতন করতে মসজিদে মসজিদে লিফলেট বিতরণ করছেন। প্রায় ৩ হাজার পথচারী, রিকশাচালক, শ্রমিকের মাঝে বিনামূল্যে মাস্ক বিতরণ করেছেন। আর ৫ শতাধিক পরিবারকে খাদ্য সহায়তা দিয়েছেন।

ডা. তানজিল হাসান দেশ রূপান্তরকে বলেন, ‘রূপগঞ্জের সন্তান হিসেবে এখানকার মানুষের কাছে আমি ঋণী। বর্তমান সংকটে তাদের সেবার সুযোগ পেয়ে আমি ধন্য। এখনো করোনার কোনো ওষুধ কিংবা টিকা আবিষ্কার হয়নি। সচেতনতায় সংক্রমণরোধের প্রধান উপায়। এজন্য সবাইকে মাস্ক ব্যবহার করতে হবে। আমরা সাধ্যমতো হতদরিদ্রদের মাস্ক ও খাদ্যসামগ্রী দিয়ে সহায়তার চেষ্টা করছি।’ তিনি আরও বলেন, ‘গাজী পিসিআর ল্যাব চালু হওয়ায় রূপগঞ্জবাসী অনেক উপকৃত হচ্ছে। এখানকার নমুনা অন্য কোথাও পাঠাতে হচ্ছে না।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত