প্যারাসুট নারিকেল তেল, প্যারাসুট বেলিফুল, কুমারিকা, ডাবর ভাটিকা আমলাসহ বিভিন্ন ব্র্যান্ডের প্রায় ১ কোটি টাকা মূল্যের নকল কসমেটিকস জব্দ করেছে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই)।
রাজধানীর বংশাল এলাকায় বিএসটিআইর মোবাইল কোর্ট পরিচালনা করে এসব নকল কসমেটিকস জব্দ করা হয় বলে বিজ্ঞপ্তিতে জানিয়েছে বিএসটিআই।
গতকাল এ অভিযানে নেতৃত্ব দেন বিএসটিআইর নির্বাহী ম্যাজিস্ট্রেট বেগম রাশিদা আক্তার।
বিভিন্ন প্রতিষ্ঠানের কসমেটিকস পণ্য নকল করে বিক্রি করায় বংশালের মো. মামুন মিয়ার কারখানায় অভিযান পরিচালনার মাধ্যমে এসব মালামাল জব্দ করা হয়। এ সময় মামুন মিয়াকে গ্রেপ্তারের পর তিন মাসের সশ্রম কারাদ- প্রদান ও ১ লাখ টাকা জরিমানা করা হয়।
বিএসটিআইর ফিল্ড অফিসার রাশেদ আল মামুন বাদী হয়ে এ বিষয়ে মামলা দায়ের করেন। এ ছাড়া এ সময় কসমেটিকস তৈরির কাঁচামাল, লেবেল, বিপুল সংখ্যক খালি বোতল, বিভিন্ন কালার ও ফ্লেভারের পারফিউমও জব্দ করা হয়েছে।
