রাজধানীতে বৃদ্ধ তরুণীর লাশ

আপডেট : ০৯ জুলাই ২০২০, ০৬:৪৩ এএম

রাজধানীর সবুজবাগে নিজ বাসা থেকে মনসুর রহমান খান (৬৭) নামে এক বৃদ্ধের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। পুলিশের ভাষ্য, স্ত্রী মারা যাওয়ার শোকে ওই ব্যক্তি আত্মহত্যা করে থাকতে পারেন। গতকাল বুধবার সকাল ৮টার দিকে সবুজবাগ প্রথম লেনের একটি বাসা থেকে লাশটি উদ্ধার করা হয়। এ ছাড়া একই দিন সকালে রাজধানীর খিলক্ষেতের নিকুঞ্জ-২ এলাকার একটি বাসা থেকে জান্নাতুল ফেরদৌসী বৃষ্টি (২৩) নামে এক তরুণীর লাশ উদ্ধারের কথাও জানিয়েছে পুলিশ।

সবুজবাগ থানার এসআই মো. রিয়াজ উদ্দিন সরকার জানান, ছেলেকে নিয়ে সবুজবাগ প্রথম লেনের একটি বাসার পাঁচতলায় ভাড়া থাকতেন মনসুর। বুধবার সকালে খবর পেয়ে ওই বাসার একটি কক্ষের দরজা ভেঙে ফ্যানের সঙ্গে প্লাস্টিকের ফিতা দিয়ে গলায় ফাঁস লাগানো ঝুলন্ত অবস্থায় তার মৃতদেহ উদ্ধার করে পুলিশ। পরে ময়নাতদন্তের জন্য লাশটি ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়। বিষয়টি তদন্তাধীন।

এদিকে খিলক্ষেত থানার এসআই মো. মোশারফ হোসেন জানান, মা-বাবার ডিভোর্স ও মায়ের অন্যত্র বিয়ে করা নিয়ে মানসিকভাবে ভেঙে পড়েছিলেন বৃষ্টি। এ ঘটনায় গত মঙ্গলবার রাতের কোনো একসময় বাসায় ফ্যানের সঙ্গে ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস দেন বৃষ্টি। বুধবার সকালে স্বজনরা তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে নামিয়ে রাখেন এবং পুলিশে খবর দেন। পরে ঘটনাস্থলে পৌঁছে লাশটি উদ্ধারের পর দুপুরের দিকে মর্গে পাঠায় পুলিশ। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, আত্মহত্যা করেছেন বৃষ্টি। তবে ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর মৃত্যুর কারণ নিশ্চিত হওয়া যাবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত