প্রোস্টেট সমস্যায় অস্ত্রোপচারের জন্য লন্ডনে অবস্থান করছিলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন। সেখানে বুধবার বাংলাদেশ সময় রাতে তার সফল অস্ত্রোপচার হয়েছে।
বিষয়টি সংবাদ মাধ্যমকে জানিয়েছেন বিসিবির অন্যতম পরিচালক ও মিডিয়া কমিটির প্রধান জালাল ইউনুস।
তিনি বিসিবি সভাপতির বর্তমান শারীরিক অবস্থার কথা জানিয়ে বলেন, ‘লন্ডনে বিসিবি সভাপতির সঙ্গে অবস্থানরত বিসিবি পরিচালক ইসমাইল হায়দার মল্লিক আমাকে জানিয়েছেন, অপারেশন সফল হয়েছে এবং বিসিবি সভাপতি বর্তমানে সুস্থ আছেন।’
নিয়মিত চিকিৎসার অংশ হিসেবে জুনের তৃতীয় সপ্তাহে লন্ডন যান পাপন। নিয়ম মেনে দুই সপ্তাহ আইসোলেশনে থাকার পর চিকিৎসকের শরণাপন্ন হন। ৮ জুলাই তার অস্ত্রোপচারের তারিখ নির্ধারন করা হয়েছিল আগেই।
