পাপুল কুয়েতের নাগরিক নন

আপডেট : ১০ জুলাই ২০২০, ০৫:২৫ এএম

মানব ও অর্থ পাচারের অভিযোগে কুয়েতে গ্রেপ্তার লক্ষ্মীপুর-২ আসনের সাংসদ শহীদ ইসলাম পাপুলকে সে দেশের নাগরিকত্ব দেওয়া হয়নি বলে জানিয়েছে উপসাগরীয় দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়। পাপুল কুয়েতের নাগরিকত্ব নিয়ে থাকলে তার সসদ্য পদ বাতিল হবে বলে সংসদে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘোষণা দেওয়ার পরের দিন কুয়েত সরকার এ তথ্য জানাল। গতকাল বৃহস্পতিবার দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।

বিবৃতিতে কুয়েতের ডেপুটি প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মন্ত্রী আনাস আল-সালেহ বলেছেন, ‘এটা খুব গুরুত্বপূর্ণ বিষয়। দুর্নীতির একাধিক অভিযোগ থাকায় বিষয়টি এখন পাবলিক প্রসিকিউশনের হেফাজতে পাঠানো হয়েছে। পাপুল কুয়েতে ফরেনার্স রেসিডেন্সশিপ আইনে বাস করছেন।’

এর আগে গত বুধবার সংসদ অধিবেশনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছিলেন, পাপুল কুয়েতের নাগরিক কি না, দেখা হচ্ছে। কুয়েতের নাগরিক হয়ে থাকলে পাপুলের আসনটি শূন্য ঘোষণা করা হতে পারে।

গত ৬ জুন রাতে কুয়েতের মুশরিফ এলাকা থেকে গ্রেপ্তার করা হয় পাপুলকে। পাচারের শিকার পাঁচ বাংলাদেশির অভিযোগের ভিত্তিতে তার বিরুদ্ধে মানব ও অর্থ পাচার, ব্যবসাপ্রতিষ্ঠানের কর্মীদের শোষণের অভিযোগ এনেছে কুয়েতি প্রসিকিউশন। গ্রেপ্তারের পর রিমান্ডে টানা ১৭ দিন জিজ্ঞাসাবাদ শেষে পাপুলকে কারাগারে পাঠানো হয়েছে।

কুয়েতের সংবাদমাধ্যমের খবর, রিমান্ডে জিজ্ঞাসাবাদে পাপুল নিজেকে নির্দোষ দাবি করেছেন। জানিয়েছেন, কাজ ছাড়িয়ে নিতে কুয়েত সরকারের কিছু কর্মকর্তাকে ঘুষ দেওয়া ছাড়া কোনো উপায় ছিল না তার।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত