৩ মাস ইতালিতে বাংলাদেশিদের প্রবেশ বন্ধ

আপডেট : ১০ জুলাই ২০২০, ০৫:২৭ এএম

বাংলাদেশসহ ১৩টি দেশের ১৪ দিন অবস্থান করা ব্যক্তিদের ইতালিতে প্রবেশে নিষেধাজ্ঞা আরোপ করেছে দেশটির সরকার। স্থানীয় সময় গতকাল বৃহস্পতিবার বিকেলে এ-সংক্রান্ত একটি অধ্যাদেশে স্বাক্ষর করেছেন ইতালির স্বাস্থ্যমন্ত্রী রবের্তো স্পেরান্সা। বাংলাদেশ ছাড়া অন্য দেশগুলো হচ্ছে আর্মেনিয়া, বাহরাইন, ব্রাজিল, বসনিয়া হার্জেগোভিনা, চিলি, মেসিডোনিয়া, মলদোভা, ওমান, পানামা, পেরু, কুয়েত ও ডোমেনিকান প্রজাতন্ত্র।

এই ১৩টি দেশের ১৪ দিন অবস্থান করা যাত্রীরা ইতালিতে ট্রানজিটও নিতে পারবেন না বলে অধ্যাদেশে বলা হয়েছে। এতে আরও বলা হয়েছে, ‘ইউরোপীয় ইউনিয়ন ও শেনজনের বাইরের অন্য  সব দেশ থেকে ইতালিতে আসা যাত্রীদের বাধ্যতামূলক কোয়ারেন্টাইন বহাল থাকবে। বিশ্বব্যাপী করোনা মহামারী সবচেয়ে তীব্র পর্যায়ে থাকায় সাম্প্রতিক মাসগুলোতে আমাদের যাবতীয় ত্যাগ আমরা মূল্যহীন করে তুলতে পারি না।’ ইতালির স্বাস্থ্য মন্ত্রণালয়ের অধ্যাদেশে এই ১৩টি দেশের যাত্রীদের জন্য কত দিন এ নিষেধাজ্ঞা বহাল  থাকবে, তা স্পষ্ট করা হয়নি।

এদিকে, ইতালির স্বাস্থ্য মন্ত্রণালয় এক নোটামে (নোটিস টু এয়ারম্যান) বলেছে, বাংলাদেশ থেকে আসা যাত্রীরা আগামী ৫ অক্টোবর পর্যন্ত ইতালিতে প্রবেশ করতে পারবেন না। এ–সংক্রান্ত নির্দেশনা পেয়ে বাংলাদেশে বিভিন্ন বিদেশি বিমান সংস্থা ট্রাভেল এজেন্সিগুলোকে চিঠি পাঠিয়েছে বলে জানা গেছে। ৬ জুলাই ইতালির রোমে অবতরণ করা বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি বিশেষ ফ্লাইটে উল্লেখযোগ্যসংখ্যক যাত্রীর কভিড-১৯ শনাক্ত হওয়ার পরদিন এক সপ্তাহের নিষেধাজ্ঞা দিয়েছিল দেশটি। এরপর গত বুধবার বাংলাদেশ থেকে কাতার এয়ারওয়েজের একটি ট্রানজিট ফ্লাইটে ইতালি যাওয়া ১৫১ বাংলাদেশি যাত্রীকে আবারও ঢাকায় ফেরত পাঠানো হয়। তাদের গতকাল রাতের মধ্যেই ফেরার কথা রয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত