সাভারের আশুলিয়ায় ছাঁটাইয়ের প্রতিবাদ ও চাকরিতে পুনর্বহালের দাবিতে বিক্ষোভ করেছেন একটি পোশাক কারখানার শ্রমিকরা। গতকাল বৃহস্পতিবার সকাল থেকে বাইপাইল বুড়িবাজার এলাকার বার্ডস গ্রুপ নামে পোশাক কারখানার শ্রমিকরা এ বিক্ষোভ কর্মসূচি পালন করেন।
শ্রমিকদের অভিযোগ, জুন মাসের বেতন না দিয়েই জোরপূর্বক অব্যাহতিপত্রে স্বাক্ষর নিয়ে ৭৬ জন শ্রমিককে কারখানা থেকে বের করে দেয় কর্র্তৃপক্ষ। ঈদের আগে চাকরিচ্যুত করায় পরিবার-পরিজন নিয়ে অনিশ্চয়তার মধ্যে পড়েছেন ভুক্তভোগীরা। তাই করোনা মহামারীতে মানবিক দিক বিবেচনা করে ঈদের আগেই চাকরিতে পুনর্বহালের দাবি জানান তারা। তাছাড়া চাকরিচ্যুত করা হলে শ্রম আইন অনুযায়ী সব বকেয়া পরিশোধের দাবিও জানিয়েছেন বিক্ষুব্ধরা।
বাংলাদেশ বস্ত্র ও পোশাকশিল্প শ্রমিক লীগের সভাপতি সরোয়ার হোসেন বলেন, বিষয়টি নিয়ে শিল্প পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা ও কারখানা কর্র্তৃপক্ষের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হচ্ছে। আশা করি তারা বিষয়টির সুষ্ঠু সমাধান করবেন। আশুলিয়া শিল্প পুলিশ-১-এর এসপি সানা সামিনুর রহমান বলেন, এ ব্যাপারে আমাদের কাছে কোনো অভিযোগ আসেনি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
