সরকারের মদদে রিজেন্ট হাসপাতাল অপকর্ম : ফখরুল

আপডেট : ১০ জুলাই ২০২০, ০৫:৪৮ এএম

সরকারের মদদে রিজেন্ট হাসপাতাল অপকর্ম করেছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, ‘টিভিতে দেখলাম সরকারের বিভিন্ন গুরুত্বপূর্ণ ব্যক্তির সঙ্গে হাসপাতালের মালিকের ওঠাবসা। সরকারের মদদে রিজেন্টের মালিক এসব অপকর্ম করেছে।’

গতকাল বৃহস্পতিবার এক ভার্চুয়াল আলোচনায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। রোগীদের বাড়ি গিয়ে নমুনা নিয়ে সেগুলো টেস্ট না করিয়েই মনগড়া রিপোর্ট দিত রিজেন্ট হাসপাতাল। ৬ জুলাই বিকেলে রিজেন্টের উত্তরা শাখায় র‌্যাবের ভ্রাম্যমাণ আদালতের অভিযানে এ অনিয়ম ধরা পড়ে। এরপর রিজেন্টের প্রধান কার্যালয়, উত্তরা ও ধানমণ্ডি শাখা বন্ধ করা হয়।

নির্বাচন কমিশনের রাজনৈতিক দলের নিবন্ধন আইনের সংশোধন প্রসঙ্গে মির্জা ফখরুল বলেন, ইসি রাজনৈতিক দলের নিবন্ধন আইনের সংশোধনের যে উদ্যোগ নিয়েছে, তার উদ্দেশ্য হলো ক্ষমতাসীন আওয়ামী লীগকে বারবার ক্ষমতায় আনা। ওয়ান-ইলেভেন থেকে এই প্রক্রিয়া শুরু হয়েছে।

করোনা মহামারীর মধ্যেই উপনির্বাচন দেওয়ার সমালোচনা করে তিনি বলেন, সারা বিশ্ব এখন করোনা মহামারীতে বিপর্যস্ত। মানবিক দুর্যোগ চলছে। মানুষ বাসা থেকে বের হতে পারছে না। এ অবস্থায় ইসি উপনির্বাচন করতে চাইছে।

বিএনপি মহাসচিব সরকারের সমালোচনা করে আরও বলেন, দেশে এক দশকের বেশি সময় ধরে কর্র্তৃত্ববাদী শাসন চলছে। এটির নাম দেওয়া হয়েছে হাইব্রিড রিজিম (মিশ্র শাসন)। এতে ইসি ও নির্বাচনের দরকার আছে। ইসি বিগত নির্বাচনগুলোতে আওয়ামী লীগকে সহযোগিতা করেছে। সেনাবাহিনীকে অকার্যকর করেছে। এই কমিশনের কাছে নিরপেক্ষ আচরণ পাওয়া যাবে না।

বিএনপি মহাসচিব বলেন, দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করতে গিয়ে বিএনপির নেতাকর্মীরা গুম হয়েছেন। কত নেতাকর্মী আহত হয়েছেন, পঙ্গু হয়েছেন। আন্দোলন করতে গিয়ে ৩৫ লাখ মানুষ আসামি হয়েছেন।

আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, ডকট্রিন অব নেসেসিটির কথা বলে ওয়ান-ইলেভেনের সরকার দুই বছর ছিল। এখন কেন করা যাবে না। এখন ভোট হলে যারা ভোট দিতে যাবে তাদের করোনা সংক্রমণ হতে পারে। সরকার বলছে, জনগণকে ঘরে থাকতে আর নির্বাচন কমিশন জনগণকে ঘরের বাইরে আনতে চাইছে।

বিএনপি কমিউনিকেশন সেলের পরিচালক ও প্রধান সম্পাদক জহির উদ্দিন স্বপনের পরিচালনায় ‘রাজনৈতিক দলসমূহের নিবন্ধন আইন’ শীর্ষক আলোচনায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী, নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না, বাম জোটের সমন্বয়ক বজলুর রশীদ, সাবেক নির্বাচন কমিশন সচিব আব্দুর রশীদ প্রমুখ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত