আশুলিয়ায় যুবলীগ নেতা পরিচয়ে চাঁদাবাজির অভিযোগে দায়ের মামলায় সোহাগ (২৬) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। গত বুধবার রাতে আশুলিয়ার বাগাবাড়ি এলাকার চারালপাড়া মহল্লা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গতকাল বৃহস্পতিবার সকালে বিষয়টি নিশ্চিত করেন আশুলিয়া থানার এসআই সুদীপ কুমার দাস।
পুলিশ জানায়, আশুলিয়ার দক্ষিণ বাইপাইলের চারালপাড়া এলাকার মো. হুরমুজ আলীর ছেলে সোহাগ সম্প্রতি রাকিব শেখ নামে এক রিকশা গ্যারেজ ব্যবসায়ীর কাছে ৫০ হাজার টাকা চাঁদা দাবি করে। একই সঙ্গে গ্যারেজের প্রতিটি রিকশার বিপরীতে দৈনিক ৩০ টাকা করে চাঁদা চায়। ব্যবসায়ী তা দিতে অস্বীকৃতি জানালে গত ৬ জুলাই তাকে মারধর করা হয়। এরপরেও নানাভাবে তাকে হুমকি দিতে থাকলে রাকিব থানায় লিখিত অভিযোগ দেন।
এসআই সুদীপ জানান, চাঁদাবাজির অভিযোগের ভিত্তিতে সোহাগকে গ্রেপ্তার করা হয়েছে। পরে এ ঘটনায় সোহাগসহ আরও ৬ জনকে আসামি করে মামলা হয়। সেই মামলায় গ্রেপ্তার দেখিয়ে বৃহস্পতিবার দুপুরে সোহাগকে আদালতে পাঠানো হয়েছে। তার বিরুদ্ধে চাঁদাবাজি, ধর্ষণ, সন্ত্রাসী ও নারী নির্যাতনসহ একাধিক মামলা রয়েছে।
