শিশুখাদ্য আমদানি শর্ত মানতে হবে আগের মতোই

আপডেট : ১০ জুলাই ২০২০, ০৭:০১ এএম

করোনা পরিস্থিতির কারণে শিশুখাদ্য আমদানিতে কয়েকটি শর্ত শিথিল করা হয়েছিল। এখন থেকে এ পণ্য আরোপ করা শর্তগুলো আবার আগের মতোই মানতে হবে। বাণিজ্য মন্ত্রণালয়ের আমদানি ও রপ্তানি প্রধান নিয়ন্ত্রকের দপ্তর বিজ্ঞপ্তি জারি করে এসব শিথিলতা প্রত্যাহার করেছে।

নিয়ন্ত্রক (অতিরিক্ত দায়িত্ব) আওলাদ হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, কভিড-১৯ মহামারীপরবর্তী প্রভাব ও সংকট মোকাবিলায় শিশুখাদ্য সরবরাহ নিশ্চিতে এ ধরনের পণ্য আমদানিতে কয়েকটি শর্ত শিথিল করে গত ১১ মে একটি বিজ্ঞপ্তি দেওয়া হয়েছিল। কিন্তু ৭ জুলাই আরেকটি বিজ্ঞপ্তির মাধ্যমে জারি করা আগের বিজ্ঞপ্তির শিথিলতা প্রত্যাহার করা হয়েছে।

তিনি বলেন, কাজেই এখন শিশুখাদ্য আমদানি করতে হলে সব শর্ত মানতে হবে। সেগুলো হচ্ছেÑ ১. আমদানিকৃত ননীযুক্ত দুগ্ধজাত খাদ্য ও শিশুখাদ্য টিন বা বায়ুরুদ্ধ মোড়ক বা ব্যাগইন বক্সের ওপর দৃশ্যমান স্থানে ‘মায়ের দুধের বিকল্প নেই’ কথাটি বাংলায় সুস্পষ্টভাবে ও অপেক্ষাকৃত বড় হরফে লিখে রাখতে হবে। ২. মিল্ক ফুডের টিন বা বায়ুরুদ্ধ মোড়ক বা ব্যাগইন বক্সের ওপর দুধের উপাদান এবং বিভিন্ন উপকরণের আনুপাতিক হার বাংলায় লেখা থাকতে হবে। ৩. প্রতিটি টিনসহ বায়ুরুদ্ধ মোড়ক বা ব্যাগইন বক্সের গায়ে মিল্ক ফুডের প্রকৃত ওজন (নিট ওয়েট) বাংলা বা ইংরেজিতে লিখে রাখতে হবে। ৪. দুগ্ধ ও দুগ্ধজাত শিশুখাদ্য আমদানির ক্ষেত্রে পরিচালক জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠানের (আইপিএইচএন) দেওয়া রেজিস্ট্রেশন নম্বর স্পষ্ট অক্ষরে প্রতিটি টিন বা টিনসহ বায়ুরুদ্ধ মোড়ক বা ব্যাগইন বক্সের গায়ে উল্লেখ থাকতে হবে। এছাড়া আমদানি নীতি অনুযায়ী অন্যান্য শর্তও মেনে চলতে হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত