ঈদুল আজহা উপলক্ষে আগামী ১২ জুলাই থেকে নায্যমূল্যে তিনটি পণ্য বিক্রি করবে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি)। সেদিন থেকে টিসিবির ভ্রাম্যমাণ ট্রাকে চিনি, মসুর ডাল ও সয়াবিন তেল পাওয়া যাবে।
গতকাল বৃহস্পতিবার টিসিবি বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানিয়েছে। এতে বলা হয়, টিসিবির ট্রাক থেকে প্রতি কেজি চিনি পাওয়া যাবে ৫২ টাকায়, একজন ক্রেতা সর্বোচ্চ দুই কেজি কিনতে পারবেন। ৫০ টাকা কেজিতে মসুর ডাল একজন ক্রেতা সার্বোচ্চ ১ কেজি নিতে পারবেন। এছাড়া সয়াবিন তেল ৮০ টাকা লিটারে একজন ক্রেতা সর্বোচ্চ ৫ লিটার নিতে পারবেন। ১২ জুলাই শুরু হয়ে টিসিবির পণ্য কার্যক্রম চলবে ২৮ জুলাই পর্যন্ত। শুক্রবার ও শনিবার এ কার্যক্রম বন্ধ থাকবে।
দেশব্যাপী ২৬৪টি ভ্রাম্যমাণ ট্রাকে এ বিক্রয় কার্যক্রম চলবে। এর মধ্যে ঢাকায় ৪০, চট্টগ্রামে ১০, রংপুরে ৭, ময়মনসিংহে ৭, রাজশাহীতে ৫, খুলনায় ৫, বরিশালে ৫, সিলেটে ৫, বগুড়ায় ৫টি, কুমিল্লায় ৫টি, ঝিনাইদহে ৩ ও মাদারীপুরে ৩টি করে ট্রাক থাকবে। এছাড়া বকি জেলাগুলোতে প্রতিটিতে ২টি করে এবং আঞ্চলিক কার্যালয়ের আওতাভুক্ত উপজেলার জন্য পর্যায়ক্রমে অতিরিক্ত ৫টি করে ট্রাকে এসব পণ্য বিক্রি করা হবে।
ঢাকা নগরীতে ভ্রাম্যমাণ ট্রাকে পণ্য বিক্রির সম্ভাব্য স্থানগুলোর মধ্যে হলো- সচিবালয় গেট, যাত্রাবাড়ী বাজার, ইত্তেফাক মোড়, শান্তিনগর বাজার, শাহজাহানপুর বাজার, খামারবাড়ি ফার্মগেট, মিরপুর-১৪ কচুক্ষেত, মিরপুর-১ মাজার রোড, শ্যামলী মোড়ন্যাম গার্ডেন, উত্তরা আব্দুল্লাহপুর, ভিকারুন নিসা ১০ নম্বর গেট/ইস্টার্ন হাউজিং গেট উল্লেখযোগ্য।
