দুই গৃহবধূসহ ৪ জনের লাশ

আপডেট : ১০ জুলাই ২০২০, ০৭:২৬ এএম

সিরাজগঞ্জের শাহজাদপুরে গৃহবধূ ও প্রবাসফেরত তরুণের, নেত্রকোনার দুর্গাপুরে বালুশ্রমিক তরুণের এবং পাবনার ঈশ^রদীতে তরুণী গৃহবধূর লাশ উদ্ধার করা হয়েছে। প্রতিনিধিদের পাঠানো খবর :

সিরাজগঞ্জ : শাহজাদপুর উপজেলার হাবিবুল্লাহনগর ইউনিয়নের রতনকান্দি উত্তরপাড়া গ্রামের বন্যার পানি থেকে পুলিশ গত বুধবার গভীর রাতে প্রবাসফেরত আবদুল মালেক বাবুর (৩৫) লাশ উদ্ধার করেছে। বাবু ওই গ্রামের মৃত সিরাজ আলীর ছেলে।

হাবিবুল্লাহনগর ইউনিয়নের চেয়ারম্যান মিজানুর রহমান বাচ্চু বলেন, গভীর রাতে খবর পেয়ে বিষয়টি পুলিশকে জানানো হয়। এলাকাবাসী জানান, ৬-৭ মাস আগে মালয়েশিয়া প্রবাসী বাবু বাড়ি আসেন।

অপরদিকে, গতকাল বৃহস্পতিবার দুপুরে পুলিশ উপজেলার বেলতৈল ইউনিয়নের খাস সাতবাড়িয়া উত্তরপাড়া গ্রাম থেকে কোহিনূর বেগম (৬৫) নামে এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে। গত বুধবার রাতে বসতঘরে গলায় ফাঁস নিয়ে তিনি আত্মহত্যা করেছেন বলে পরিবারের পক্ষ থেকে দাবি করা হলেও কোহিনূরের বাবার বাড়ির লোকজনের দাবি, পারিবারিক কলহের জের ধরে তার স্বামী সাবেক সেনাসদস্য আবদুল খালেক তাকে পিটিয়ে ও শ্বাসরোধে হত্যা করেছে। তড়িঘড়ি করে লাশ তার স্বামীর পরিবারের লোকজন দাফনের চেষ্টা করলে পুলিশ গিয়ে তা উদ্ধার করে মর্গে পাঠায়।

নেত্রকোনা : নিখোঁজের ৪৪ ঘণ্টা পর বালু শ্রমিকের লাশ উদ্ধার করেছে স্থানীয়রা। গতকাল বৃহস্পতিবার বেলা ১১টার দিকে আবু বক্কর ছিদ্দিকের (২৮) লাশ নেত্রকোনার দুর্গাপুরের সোমেশ্বরী নদীর তেরী বাজার ঘাট এলাকায় স্রোতে ভেসে যেতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। উদ্ধারকৃত বালুশ্রমিক উপজেলার চ-িগড় ইউনিয়নের চরকুরিয়াডহর গ্রামের মৃত লাল মিয়ার ছেলে।

ঈশ্বরদী (পাবনা) : ঈশ্বরদীতে গাছে ঝুলন্ত অবস্থায় রানী খাতুন (২৫) নামের এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে পুলিশ। রানী উপজেলার লক্ষ্মীকুন্ডা ইউনিয়নের দাদাপুর গ্রামের জসিম উদ্দিন ফকিরের স্ত্রী। গতকাল বৃহস্পতিবার ভোরে এলাকাবাসী বাড়ির পাশের একটি আম গাছের ডালে ঝুলন্ত অবস্থায় রানীর মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়।

গৃহবধূ রানীর বাবা উপজেলার সলিমপুর ইউনিয়নের ভাড়ইমারী গ্রামের আকমল হোসেন জানান, যৌতুকের জন্য প্রায়ই রানীকে মারধর করত স্বামী জসিম। রানীকে পরিকল্পিতভাবে হত্যা করে গাছের সঙ্গে ঝুলিয়ে রাখা হয়েছে বলে দাবি করেন তিনি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত