হাঁটুর চোটে প্রিমিয়ার লিগের বাকি ম্যাচগুলো থেকে ছিটকে গেলেন লিভারপুল অধিনায়ক জর্ডান হেন্ডারসন। দলটির কোচ ইয়ুর্গেন ক্লপ বিষয়টি নিশ্চিত করেছেন।
বুধবার ব্রাইটনের বিপক্ষে লিভারপুলের ৩-১ গোলের জয়ে গোল করেছিলেন হেন্ডারসন।
এরই মধ্যে লিগ শিরোপা নিশ্চিত হয়ে যাওয়া লিভারপুরের আসরে বাকি আর ৪ ম্যাচ। যে ম্যাচগুলোতে ৩০ বছর বয়সী মিডফিল্ডার হেন্ডারসনকে পাচ্ছে না দল। ক্লপ বলেছেন, এই ইংলিশ ফুটবলার নতুন মৌসুম শুরুর আগেই সেরে উঠবেন।
তবে এই তারকার অস্ত্রোপচার প্রয়োজন নেই বলে সংবাদ মাধ্যমের খবর। লিভারপুলের এবারের লিগ শিরোপা জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন হেন্ডারসন। সামাজিক যোগাযোগ মাধ্যমে এই তারকা নতুন মৌসুমের আগে পুরো ফিট হয়ে ফেরার আশা প্রকাশ করেছেন।
