বনানীতে দাফন করা হবে সাহারা খাতুনকে

আপডেট : ১১ জুলাই ২০২০, ০৬:১৯ এএম

আওয়ামী লীগ সভাপতিমণ্ডলীর সদস্য ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুনকে রাজধানীর বনানী কবরস্থানে দাফন করা হবে। দলটির দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া গতকাল শুক্রবার এ তথ্য নিশ্চিত করেছেন।

বিপ্লব বড়ুয়া বলেন, ‘সাহারা আপার মরদেহ নিয়ে ইউএস বাংলার একটি ফ্লাইট ব্যাংকক সময় রাত ৯টায় বাংলাদেশের উদ্দেশে রওনা হবে। রাতেই সেটি ঢাকায় পৌঁছাবে। এরপর আগামীকাল বানানী কবরস্থানে ওনার বাবা-মায়ের কবরের পাশে তাকে দাফন করা হবে।’

তিনি বলেন, ‘জানাজা ও দাফনের সময় এখনো নির্ধারণ করা হয়নি। আমাদের দলের সিনিয়র নেতারা বসে এই বিষয়ে সিদ্ধান্ত নেবেন।’

সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন গত বৃহস্পতিবার রাতে থাইল্যান্ডের বামরুনগ্রাদ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। তাকে গত ৬ জুলাই এয়ার অ্যাম্বুল্যান্সে করে থাইল্যান্ডে নেওয়া হয়। এর আগে জ্বর, অ্যালার্জিসহ বার্ধক্যজনিত বিভিন্ন রোগে অসুস্থ অবস্থায় গত ২ জুন সাহারা খাতুন ইউনাইটেড হাসপাতালে ভর্তি হন। পরে শারীরিক অবস্থার অবনতি হলে গত ১৯ জুন সকালে তাকে আইসিইউতে নেওয়া হয়। এরপর অবস্থার উন্নতি হলে তাকে গত ২২ জুন দুপুরে আইসিইউ থেকে এইচডিইউতে (হাই ডিপেন্ডেন্সি ইউনিট) স্থানান্তর করা হয়। পরে ২৬ জুন সকালে তার শারীরিক অবস্থার অবনতি হলে আবারও তাকে আইসিইউতে নেওয়া হয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত