কক্সবাজারে ২ গ্রুপের গোলাগুলিতে যুবক নিহত

আপডেট : ১১ জুলাই ২০২০, ০৬:২০ এএম

কক্সবাজার সদরে ‘সন্ত্রাসীদের’ দুই গ্রুপের গোলাগুলিতে সৈয়দ আহমদ ওরফে গুরাপুতু (২৮) নামে এক যুবক নিহত হয়েছে। পুলিশ বলছে, গুরাপুতু কক্সবাজার শহরের শীর্ষ সন্ত্রাসী ছিল। তার বিরুদ্ধে একাধিক মামলাও রয়েছে। গতকাল শুক্রবার ভোরে শহরের কবিতা চত্বর এলাকা থেকে গুরাপুতুর গুলিবিদ্ধ লাশ উদ্ধার করা হয়। এ সময় ঘটনাস্থল থেকে ২০০ ইয়াবা, একটি দেশীয় পিস্তল ও দুটি কার্তুজ জব্দ করা হয়। গুরাপুতু ওই এলাকার সাব্বির আহমেদের ছেলে। কক্সবাজার সদর মডেল থানার এসআই মো. মাসুম খান দেশ রূপান্তরকে জানান, শুক্রবার ভোরে ইয়াবা নিয়ে বিরোধের জেরে দুই গ্রুপের গোলাগুলির খবরে ঘটনাস্থলে যায় পুলিশের একটি দল। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে সন্ত্রাসীরা পালিয়ে যায়। পরে ঘটনাস্থলে তল্লাশি করে গুরাপুতুকে গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করা হয়। পরে তাকে সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা মৃত ঘোষণা করেন। তার বিরুদ্ধে কক্সবাজার সদর মডেল থানায় হত্যা, ধর্ষণ ও সন্ত্রাসীসহ বিভিন্ন অপরাধে ৭টি মামলা রয়েছে। ময়নাতদন্তের জন্য লাশ মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় একটি মামলা হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত