চরিত্রটি স্পর্শকাতর ও চ্যালেঞ্জিং

আপডেট : ১১ জুলাই ২০২০, ০৭:৩০ এএম

১৪ বছর পর চলচ্চিত্রে ফিরেছেন এক সময়ের রুপালি পর্দা কাঁপানো চিত্রনায়িকা রোজিনা। সরকারি অনুদান পাওয়া সিনেমার তালিকায় আছে তার নাম। সমসাময়িক বিষয়ে কথা বলেছেন তিনি

‘ফিরে দেখা’...

‘ফিরে দেখা’ সিনেমার জন্য আমি সরকারি অনুদান পেয়েছি। চলচ্চিত্রটির কাহিনী, রচনা ও পরিচালনা সবই আমার। মুক্তিযুদ্ধের সময় সারা দেশে তা-ব চালায় পাকিস্তানি বাহিনী। আমার নানাবাড়ি গোয়ালন্দ আর দাদাবাড়ি রাজবাড়ী। সারা দেশের মতো সেখানেও রয়েছে অসংখ্য তা-বের কাহিনী। এ দুই জায়গার মাঝে একটি বাড়িতে মুক্তিযুদ্ধের একটি ঘটনা ঘটে, যা আমার এই চলচ্চিত্রে উঠে আসবে। এই চলচ্চিত্রে আমি পরিচালনার পাশাপাশি অভিনয়ও করব।

শ্যুটিং শুরু...

আমার গল্পের পটভূমি অনুসারে লোকেশন খুঁজছি। আমার নানাবাড়ির ওদিকে হয়তো হতে পারে। তবে মাস্ক পরে তো শ্যুটিং করা যাবে না। আমার পুরো কাজটাই আউটডোরে। সিনেমার কাজ তো এক-দুই দিনে শেষ হয় না। দেশের করোনা পরিস্থিতি ঠিক হলে সবাইকে সঙ্গে নিয়ে কাজ শুরু করব। আমার ছবির প্রেক্ষাপট গ্রাম, তাই এই বৃষ্টিতে শ্যুটিং করা সম্ভব নয়। বৃষ্টি কমে গেলে দ্রুত ছবির শ্যুট শুরু করব।

অভিনয়শিল্পী নির্বাচন...

আমি প্রাথমিকভাবে কিছু শিল্পী ঠিক করে দিয়েছিলাম। একটি চরিত্রের জন্য দুই-তিনজন ঠিক করে রেখেছিলাম। কথা বলে দেখব কার সঙ্গে সব কিছু মিলে। এ মাসের শেষের দিকে এসব ঠিক করব। এখন চিত্রনাট্য ঠিকঠাক করছি। সিনিয়র ও জুনিয়র শিল্পীদের সঙ্গে নতুন শিল্পীদের নিয়ে কাজ করতে চাই। আনুষ্ঠানিকভাবে বাছাই প্রক্রিয়ার মাধ্যমে নতুন শিল্পী নেওয়ার পরিকল্পনা আছে।

সর্বশেষ ক্যামেরার সামনে...

সর্বশেষ ২০০৬ সালে কাজী নজরুল ইসলামের কাহিনী অবলম্বনে নির্মিত ‘রাক্ষুসী’ চলচ্চিত্রে অভিনয় করেছিলাম। আরও ছিলেন ফেরদৌস ও পূর্ণিমা। দীর্ঘ ১৪ বছর পর আবারও ক্যামেরার সামনে দাঁড়াতে যাচ্ছি। ভয়, এক্সাইমেন্ট একসঙ্গে কাজ করছে। সবাই আমার জন্য দোয়া করবেন, যেন আগের মতো অভিনয়টা করতে পারি। কারণ সিনেমায় আমার চরিত্র একজন বীরাঙ্গনার। এ ধরনের চরিত্র খুবই স্পর্শকাতর ও চ্যালেঞ্জিং। চেষ্টা করব মনপ্রাণ উজাড় করে কাজটি করতে।

যে কারণে সিনেমা থেকে দূরে...

কোনো রাগ বা অভিমান নয়, নিজের মনের মতো চরিত্র না পেয়ে চলচ্চিত্র থেকে এতদিন দূরে ছিলাম। তাছাড়া এই ১৪ বছরের বড় একটা সময় আমি দেশের বাইরে ছিলাম। কিন্তু অভিনয় আমার নেশা। সব সময় কাজ করতে চাই। তবে কাজ করার মতো চরিত্রও তো চাই। বিগত দিনে আমাকে অনেকেই অভিনয় করার জন্য প্রস্তাব দিয়েছেন, তবে চরিত্র পছন্দ না হওয়ায় কাজ করা হয়নি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত