ছবি মুছে দেওয়ায় বেলা হাদিদের কাছে ক্ষমা চাইল ইনস্টাগ্রাম কর্তৃপক্ষ। সম্প্রতি এই ফিলিস্তিনি-ডাচ সুপারমডেল তার বাবার আমেরিকান পাসপোর্টের ছবি পোস্ট করলে সরিয়ে দেয় ফটো শেয়ারিং জনপ্রিয় সাইটটি। ওই পাসপোর্টে বেলার বাবার জন্মস্থান হিসেবে ফিলিস্তিন উল্লেখ ছিল।
যুক্তরাষ্ট্রকেন্দ্রিক পেজ সিক্সের বরাত দিয়ে খবরটি দিয়েছে আল জাজিরা।
পরে এক বিবৃতিতে ইনস্টাগ্রামের মূল প্রতিষ্ঠান ফেইসবুকের মুখপাত্র জানান, বেলা হাদিদের পোস্ট করা ছবিটি সরিয়ে দেওয়া ঠিক হয়নি।
সেখানে বলা হয়, গোপনীয়তার রক্ষার জন্য ইনস্টাগ্রামে পাসপোর্ট নাম্বারের মতো ব্যক্তিগত তথ্য তাদের প্ল্যাটফর্মে অনুমোদন করে না। সে ক্ষেত্রে বেলার বাবার পাসপের্ট নাম্বার ছাপসা করে দেওয়া ছিল। কিন্তু সরিয়ে দেওয়া ঠিক হয়নি।
ক্ষমা প্রার্থনা করে ছবিটি ফেরত আনা হয়েছে বলেও জানান ফেইসবুকের মুখপাত্র।
গত সপ্তাহের শুরুর দিকে ২৩ বছর বয়সী এই সেলিব্রিটি আমেরিকান রিয়েল এস্টেট টাইকুন মোহাম্মদ হাদিদের পাসপোর্টের ছবি ইনস্টাগ্রামে শেয়ার করেন। এর পরপরই ৩ কোটির ফলোয়ারের কাছে সাইটির হয়রানি নিয়ে অভিযোগ করেন।
ইনস্টাগ্রামের পক্ষ থেকে পাওয়া একটি মেসেজের স্ক্রিনশটও শেয়ার করেন বেলা। যেখানে বলা হয়েছে, কমিউনিটি গাইডলাইন ভঙ্গ করেছেন তিনি।
বেলা হাদিদ লেখেন, বাবার আমেরিকান পাসপোর্টে জন্মস্থান ফিলিস্তিন উল্লেখ করা ছবি নিজের স্টোরিতে শেয়ার করলে ইনস্টগ্রাম মুছে দেয়। প্রশ্ন তোলেন, ফিলিস্তিনিরা কী ইনস্টাগ্রামে অনুমোদিত নয়? আরও বলেন, মানুষকে চুপ করিয়ে ইতিহাস মুছে ফেলা যাবে না। এটা কোনো কাজের জিনিস নয়।
নিজেকে ‘ফিলিস্তিনি হিসেবে গর্বিত’ বলেও উল্লেখ করেন এই সেলিব্রিটি।
এর পর তিনি ভক্তদের অনুরোধ করেন তাদের মা-বাবার জন্মস্থান কোথায় তা পোস্ট করার জন্য। ওই সময় অনেকেই বেলার প্রতিবাদের প্রশংসা করেন।
