ধোনির অনেক ট্রফি জয়ের পেছনে ‘সৌরভের পরিশ্রম’

আপডেট : ১১ জুলাই ২০২০, ০৭:০৮ পিএম

ভারতের সাবেক ওপেনার গৌতম গম্ভীর মনে করেন, অধিনায়ক হিসেবে মহেন্দ্র সিং ধোনি ছিলেন খুব সৌভাগ্যবান। তার মতে, দায়িত্ব নেওয়ার সময় সব ফরম্যাটেই দুর্দান্ত দল পেয়েছিলেন ধোনি। যা তাকে টি-টোয়েন্টি বিশ্বকাপ ও ওয়ানডে বিশ্বকাপ জয় এবং টেস্টের সেরা দল হতে সাহায্য করেছিল। আর ধোনির এই ভালো দল পাওয়ার পেছনে সৌরভ গাঙ্গুলির  পরিশ্রমকেই কৃতিত্ব দিচ্ছেন গম্ভীর।

অধিনায়ক হিসেবে ভারতকে টেস্ট র‌্যাঙ্কিংয়ে শীর্ষে নিয়ে গিয়েছিলেন ধোনি। গম্ভীর মনে করেন এটা সম্ভব হয়েছিল জহির খানের মতো একজন বোলার ছিল বলে।

স্টার স্পোর্টসের ‘ক্রিকেট কানেক্ট’ অনুষ্ঠানে জহির বলেন, ‘টেস্টে ধোনির সফল অধিনায়ক হওয়ার পেছনে বড় কারণ জহির খান। বড় আশীর্বাদ হিসেবে ধোনি তাকে পেয়েছিল। যার কৃতিত্ব দিতে হবে সৌরভ গাঙ্গুলিকে। আমার মতে জহির ভারতের সবচেয়ে সেরা বিশ্বমানের বোলার।’

ধোনির নেতৃত্বে ২০০৭ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপ ও ২০১১ ওয়ানডে বিশ্বকাপ জয় করে ভারত। দুই আসরেই ভারতের শিরোপা জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন গম্ভীর।

৩৮ বছর বয়সী তারকা বলছেন, ‘ধোনি অনেক সৌভাগ্যবান অধিনায়ক, কারণে সে সব ফরম্যাটেই দুর্দান্ত দল পেয়েছিল। ২০১১ বিশ্বকাপে দলকে নেতৃত্ব দেওয়া ধোনির জন্য খুব সহজ ছিল। কারণ শচিন, শেহওয়াগ, আমি, ‍যুবরাজ, ইউসুফ, বিরাটের মতো খেলোয়াড় ছিলাম। তাই সে সেরা দল পেয়েছিল। সৌরভ গাঙ্গুলিকে খুব কঠোর পরিশ্রম করতে হয়েছিল এর জন্য। যার ফল হিসেবেই ধোনি অনেক ট্রফি জিতেছে।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত