অমিতাভ, অভিষেক করোনায় আক্রান্ত

আপডেট : ১২ জুলাই ২০২০, ০৬:৩৭ এএম

অমিতাভ বচ্চন ও ছেলে অভিষেক বচ্চনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। গতকাল শনিবার রাতে তাকে ভর্তি করা হয়েছে মুম্বাইয়ের একটি হাসপাতালে। তবে অবস্থা তত গুরুতর নয় বলে জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যমগুলো। 

গতকাল বাংলাদেশ সময় রাত সাড়ে ১১টার দিকে অমিতাভ নিজেই টুইটারে করোনা আক্রান্ত হওয়ার কথা শেয়ার করেছেন। লিখেছেন, ‘আমি করোনা আক্রান্ত হয়েছি। হাসপাতালে ভর্তি হয়েছি। হাসপাতাল থেকে জানানো হয়েছে পরিবারের সবাইকে করোনা পরীক্ষা করাতে হবে। ওরা করেছে। তবে এখনো ফল পায়নি।’

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানাচ্ছে, করোনা আক্রান্ত জানার পরই শনিবার রাতে মুম্বাইয়ের ভিলে পার্লের নানাবতী হাসপাতালে ভর্তি করা হয়েছে ৭৭ বছর বয়সী এই অভিনেতাকে। 

করোনাভাইরাসের লকডাউনের সময় বাড়িতেই ছিলেন অমিতাভ। ঘরে বসেই একটি ভিডিও শুটে কাজ করেছিলেন। তবে এমনিতে তার শুটিংয়ের কাজ চলছিল অয়ন মুখোপাধ্যায়ের ছবি ‘ব্রহ্মাস্ত্র’ নিয়ে। এখানে তার সঙ্গে ছবিতে কাজ করছেন রণবীর কাপুর ও আলিয়া ভাট।

২০১৮ সাল থেকে বেশ কয়েকবারই পরপর তাকে হাসপাতালে ভর্তি হতে হয়েছে। রুটিন চেকআপের পাশাপাশি মাঝে গ্যাস্ট্রোইনটেস্টিনাল সমস্যায় ভুগছিলেন বিগ-বি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত