সমালোচনার বাক্সবাহী বিএনপি জনগণের পাশে নেই : তথ্যমন্ত্রী

আপডেট : ১২ জুলাই ২০২০, ০৬:৪৪ এএম

বিএনপিসহ ‘সমালোচনার বাক্সবাহী’ অনেকেই করোনাভাইরাস সংক্রমণের এই সময়ে জনগণের পাশে নেই বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ। গতকাল শনিবার দুপুরে রাজধানীর কাকরাইলে বাংলাদেশ প্রেস ইনস্টিটিউট মিলনায়তনে করোনা পরিস্থিতিতে সাংবাদিক কল্যাণ ট্রাস্ট থেকে সাংবাদিকদের মাঝে সহায়তার চেক বিতরণ অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।

তথ্যমন্ত্রী বলেন, ‘বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে শুরু করে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম ও বিশ্বের শীর্ষ পত্রপত্রিকা যেখানে করোনা মোকাবিলায় সরকারের সক্ষমতা ও পদক্ষেপগুলোর প্রশংসা করেছে, সেখানে মির্জা ফখরুলসহ বিএনপি নেতারা প্রতিদিন যে ভাষায় শুধু সমালোচনা করছেন, তা অত্যন্ত দুঃখজনক। সমালোচনা অবশ্যই থাকবে, গণতান্ত্রিক রীতি আমরা সমাদৃত করি, কিন্তু অন্ধ ও বিবেকহীন সমালোচনা ও কোনো কাজে ভালো দেখতে না পারা, চোখ থাকতে অন্ধের মতো আচরণ দুঃখজনক।’

হাছান মাহমুদ বলেন, ‘পাশের দেশ ভারতে বিরোধীদলীয় জোটপ্রধান সোনিয়া গান্ধী সে দেশের প্রধানমন্ত্রীকে চিঠি লিখে করোনা মোকাবিলায় সরকারের উদ্যোগের প্রশংসা করে সরকারের সঙ্গে একাত্মতা জানিয়েছেন। কিন্তু আমাদের দেশে বিএনপি ও তাদের সমমনা দলগুলো এ কাজ করতে ব্যর্থ হয়েছে।’

তিনি আরও বলেন, ‘দেশে বহু এনজিও আছে যারা বিদেশি অর্থ পায়, এখন তাদের পাওয়া যাচ্ছে না।’

তথ্যমন্ত্রী বলেন, ‘মানবিক বিবেচনায় সরকার সাংবাদিকদের সহায়তা করছে। তেমনিভবে গণমাধ্যম প্রতিষ্ঠানগুলোর মালিকদের সাময়িক কষ্ট হলেও গণমাধ্যমকর্মীদের বেতন-ভাতা নিয়মিত পরিশোধ করতে ও তাদের চাকরিচ্যুত না করার অনুরোধ জানাই।’

তিনি জানান, করোনা ও করোনা উপসর্গে মৃত্যুবরণকারী সাংবাদিকদের প্রত্যেকের পরিবারকে ইতিমধ্যে ৩ লাখ টাকা করে সহায়তা দেওয়া হয়েছে। সেই পরিবারের লোকেরা আবেদন করলে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে আরও সহায়তা দেওয়া হবে। এ ছাড়া সংবাদপত্রে বিজ্ঞাপনের বকেয়া বিল পরিশোধের জন্য মন্ত্রিপরিষদ বিভাগ থেকে সব মন্ত্রণালয়ে পত্র ও তাগিদ দেওয়া হয়েছে বলে জানান তথ্যমন্ত্রী।

ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) সভাপতি কুদ্দুস আফ্রাদের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন সাংবাদিক কল্যাণ ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক জাফর ওয়াজেদ, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) সভাপতি মোল্লা জালাল প্রমুখ। অনুষ্ঠানে ২০০ সাংবাদিককে চেক প্রদান করা হয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত