অমিতাভ বচ্চন ও অভিষেক বচ্চনের পর ঐশ্বরিয়া রাই ও তার আট বছরের মেয়ে আরাধ্যও করোনাভাইরাসের আক্রান্ত হওয়ার খবরে বিভ্রান্তি দেখা দিয়েছে।
এনডিটিভি জানিয়েছে, মহারাষ্ট্রের স্বাস্থ্যমন্ত্রী রাজেশ তোপ রবিবার দুপুরে টুইট করে অভিষেকের স্ত্রী ঐশ্বরিয়া ও তাদের মেয়ে আরাধ্যের করোনা পরীক্ষায় পজিটিভ আসার খবর দেন।
অমিতাভ বচ্চনের স্ত্রী অভিনেত্রী জয়া বচ্চনের পরীক্ষার ফল নেগেটিভ এসেছে বলেও জানান রাজেশ তোপ।
তবে কয়েক মিনিট পরেই সেই টুইট ডিলিট করে দেন মহারাষ্ট্রের স্বাস্থ্যমন্ত্রী। এর মধ্যে তার টুইটের বরাত দিয়ে ভারতের বেশিরভাগ সংবাদমাধ্যম ঐশ্বরিয়া ও আরাধ্যের আক্রান্ত হওয়ার খবর প্রকাশ করে ফেলে।
এদিকে মুম্বাইয়ের মেয়র কিশোরী পেদনেকারের বরাত দিয়ে সংবাদ সংস্থা পিটিআই জানায়, ঐশ্বরিয়া ও আরাধ্য দুজনেরেই পরীক্ষার ফল নেগেটিভ এসেছে।
এর আগে করোনা আক্রান্ত হয়ে মুম্বাইয়ের নানাবতী হাসপাতালে ভর্তি রয়েছেন অমিতাভ বচ্চন ও ছেলে অভিষেক বচ্চন।
শনিবার রাতে নিজেই টুইটারে করোনা আক্রান্ত হওয়ার খবর জানান অমিতাভ।
করোনার প্রাদুর্ভাবের পর থেকে বাড়িতেই ছিলেন অমিতাভ। মহারাষ্ট্র সরকারের নিয়ম অনুযায়ী ৬৫ বছরের বেশি বয়সের অভিনেতাদের শুটিং ফ্লোরে যাওয়া যাবে না।
কিন্তু তা সত্ত্বেও কীভাবে করোনা আক্রান্ত হলেন অমিতাভ, তা বুঝতেই পারছেন না। তবে অমিতাভ শুটে না গেলেও ডাবিংয়ের জন্য বেরোতে হয় অভিষেককে।
