করোনাভাইরাসের কারণে গাজীপুরের যেসব ক্রেতা-বিক্রেতা এবার হাটে যেতে অনিচ্ছুক তাদের জন্য অনলাইনে কোরবানির পশু বিক্রির উদ্যোগে নিয়েছে কয়েকটি ডেইরি খামারের মালিক। এছাড়া থাকছে পশু কেনাবেচার স্থায়ী হাটের পাশাপাশি অস্থায়ী হাটও।
গাজীপুর জেলা মার্কেটিং বিভাগ ও সিটি করপোরেশন সূত্রে জানা গেছে, জেলায় চার শতাধিক বাজার রয়েছে। পাঁচটি উপজেলায় রয়েছে প্রায় অর্ধশত স্থায়ী বাজার। এসব বাজারে সপ্তাহে এক দিন করে গবাদি পশুর হাট বসে। ঈদুল আজহাকে সামনে রেখে গাজীপুর ও টঙ্গীতে বিশেষ ১০টি অস্থায়ী হাট বসবে। জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা দীপক রঞ্জন রায় বলেন, জেলায় মোট খামারির সংখ্যা ৬ হাজার ৮৬৮ জন। তারা ঈদুল আজহা উপলক্ষে এরই মধ্যে গবাদি পশু বিক্রির উপযোগী করে তুলেছেন। এর মধ্যে গরু ৬১ হাজার ১৫০টি, মহিষ ৪০ হাজার ৬৩৫টি এবং ছাগল ও ভেড়া রয়েছে ২০ হাজার ৯১৫টি। তিনি আরও বলেন, এবার করোনা সংক্রমণের কারণে ক্রেতা-বিক্রেতার জন্য অতিরিক্ত নিরাপত্তাব্যবস্থার দিকে লক্ষ্য রেখে খোলা জায়গায় হাট স্থাপন করা হবে।
