শুটিং ছাড়া রাত ৮টার পর এফডিসিতে অবস্থানে নিষেধাজ্ঞা

আপডেট : ১৩ জুলাই ২০২০, ০৬:৩৯ এএম

বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনে (বিএফডিসি) শুটিং ছাড়া রাত ৮টার পর অবস্থান করা যাবে না বলে জানিয়েছে এফডিসি কর্র্তৃপক্ষ। এফডিসির ব্যবস্থাপনা পরিচালক (অতিরিক্ত দায়িত্ব) নুজহাত ইয়াসমিন স্বাক্ষরিত এক চিঠিতে এ তথ্য জানানো হয়েছে।

এর আগে চলচ্চিত্র পরিচালক সমিতি, প্রযোজক সমিতি, শিল্পী সমিতিসহ এফডিসির শীর্ষস্থানীয় সংগঠনগুলোর নেতাদের সঙ্গে বৈঠকে এ সিদ্ধান্ত নেন এফডিসির ব্যবস্থাপনা পরিচালক (অতিরিক্ত দায়িত্ব) নুজহাত ইয়াসমিন।

চিঠিতে বলা হয়েছে, ‘অনুমতি ব্যতিরেকে রাত ৮ ঘটিকার পর বিএফডিসির অভ্যন্তরে কেউ অবস্থান করতে পারবেন না। এ বিষয়ে ব্যত্যয় ঘটলে নিরাপত্তা শাখা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে।’

এফডিসির সহকারী পরিচালক (নিরাপত্তা) আমিনুল করিম খান জানান, সংশ্লিষ্টদের বিষয়টি অবহিত করে রবিবার থেকে এ নির্দেশনা কার্যকর করা হয়েছে।

জানা গেছে, করোনাভাইরাস পরিস্থিতির মধ্যে এফডিসিতে কোনো কাজ না থাকা সত্ত্বেও বিভিন্ন সমিতির কার্যালয়ে চলচ্চিত্রের সংশ্লিষ্টরা সন্ধ্যার পরও অবস্থান করেন। রাতে এফডিসিতে চলচ্চিত্রকর্মীদের বাইরে অনেক বহিরাগতদের আনাগোনার অভিযোগও রয়েছে। তাদের অনৈতিক কর্মকাণ্ডের ফলে চলচ্চিত্রকর্মীদের সম্মান যেন ক্ষুণœ না হয় তার জন্যই এমন সিদ্ধান্তের কথা জানিয়েছে এফডিসি কর্র্তৃপক্ষ। করোনাভাইরাস সংকটের মধ্যে টানা দুই মাস ‘সাধারণ ছুটি’ শেষে ৩১ জুলাই থেকে দাপ্তরিক কার্যক্রম শুরু করেছে এফডিসি। পাশাপাশি শুটিংয়ের জন্য অনুমতি দেওয়া হলেও এখনো শুরু হয়নি শুটিং।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত