মৌলভীবাজারের কমলগঞ্জ থেকে চুরি করা গরু প্রাইভেট কারে করে নেওয়ার সময় দুজনকে আটক করা হয়েছে। গতকাল রবিবার কুলাউড়া উপজেলার মুড়ইছড়া এলাকা থেকে গরুসহ তাদের আটক করা হয়।
কমলগঞ্জ থানার ওসি মো. আরিফুর রহমান জানান, রবিবার দুপুরে কমলগঞ্জের ছাতকছড়া গ্রামের আলাই মিয়ার ছেলে মফর মিয়া (৩০) পৌরসভা এলাকার আবদুল খালিকের একটি গরু চুরি করে প্রাইভেট কারে তুলে নিয়ে যায়। কুলাউড়া উপজেলার মুড়ইছড়া এলাকার দিকে যাওয়ার সময় সন্দেহবশত বিজিবির সদস্যরা গাড়ির গতিরোধ করেন। এ সময় তারা প্রাইভেট কারের পেছনের আসনে একটি গরু দেখতে পান। জিজ্ঞাসাবাদে মফর জানায়, কমলগঞ্জ থেকে গরু চুরি করে ভাড়া করা প্রাইভেট কারে করে নিয়ে যাওয়া হচ্ছিল। পরে কমলগঞ্জ পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সৈয়দ জামাল হোসেন গিয়ে গরু, প্রাইভেট কারের চালক ও মফরকে নিজ জিম্মায় নেন। বিকেল ৪টায় গরু ও ওই দুজনকে কমলগঞ্জ থানায় সোপর্দ করা হয়।
ওসি আরও বলেন, প্রাইভেট কারের চালক কমলগঞ্জের শিংরাউলী গ্রামের রায়হান আলী (২০) ও মফর মিয়া থানায় রয়েছে। মামলার পর গ্রেপ্তার দেখিয়ে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
