চাঁপাইনবাবগঞ্জে পুলিশ হেফাজতে মৃত্যু

বিচারিক তদন্তের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট

আপডেট : ১৩ জুলাই ২০২০, ০৭:০৮ এএম

চাঁপাইনবাবগঞ্জ সদর থানায় পুলিশ হেফাজতে ভ্যানচালক আফসার আলীর (৩৫) মৃত্যুর ঘটনায় বিচার বিভাগীয় তদন্তের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট আবেদন করা হয়েছে। এ নিয়ে জাতীয় দৈনিকে প্রকাশিত প্রতিবেদন যুক্ত করে আইন ও সালিশ কেন্দ্রের (আসক) পক্ষে আইনজীবী ইয়াদিয়া জামান ও শাহীনুজ্জামান শাহীন গতকাল রবিবার বিচারপতি জে বি এম হাসানের ভার্চুয়াল হাইকোর্ট বেঞ্চে এ রিট আবেদনটি করেন। আইনজীবী ইয়াদিয়া জামান দেশ রূপান্তরকে এ তথ্য জানান।

আবেদনে তদন্তের পাশাপাশি আফসার আলীর মৃত্যুর ঘটনায় জড়িত পুলিশ সদস্যদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা এবং তার পরিবারকে ক্ষতিপূরণ বাবদ ৫০ লাখ টাকা দেওয়ার নির্দেশনা চাওয়া হয়েছে।

গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, গত ৫ জুলাই চাঁপাইনবাবগঞ্জের  সুন্দরপুর বাগডাঙ্গা শুকনাপাড়া এলাকা থেকে ১ কেজি ১৯৫ গ্রাম হেরোইনসহ আফসার আলীকে আটক করে র‌্যাব। সদর থানায় মামলার পরদিন ৬ জুলাই  এক দিনের রিমান্ডে এনে তাকে জিজ্ঞাসাবাদ করছিল পুলিশ। পরে কারা হেফাজতে তার মৃত্যু হয়। আফসারের স্ত্রী জুলেখা বেগমের অভিযোগ, সোমবার থানায় দেখা করতে গেলে সন্তানদের সামনেই হাতকড়া পরা অবস্থায় একজন পুলিশ কর্মকর্তা আফসারকে মারধর করছিল এবং পুলিশের নির্যাতনেই তার স্বামীর মৃত্যু হয়েছে। আফসারের মৃত্যুর বিষয়ে চাঁপাইনবাবগঞ্জ পুলিশের পক্ষ থেকে ভিন্ন বক্তব্য পাওয়া যায়। সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউর রহমান জানান, ওই দিন সন্ধ্যা ৭ টার দিকে আফসারকে রিমান্ডে জিজ্ঞাসাবাদের জন্য থানায় আনা হলে তিনি অসুস্থ বোধ করায় রাতে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। তবে অতিরিক্ত পুলিশ সুপার মাহবুব আলম খান জানান, থানা  হাজতের বারান্দায় থাকা স্ট্যান্ড ফ্যানের তার ছিঁড়ে বাথরুমে গিয়ে প্লাস্টিকের পাইপের সঙ্গে ঝুলে আত্মহত্যা করেন আফসার। তবে হাসপাতালে দায়িত্বরত চিকিৎসকরা জানান, বুকে ব্যাথা অনুভব করার পর মারা গেছেন আফসার। আত্মহত্যার কোনো চিহ্ন তার শরীরে পাওয়া যায়নি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত