‘আমাদের জন্য দোয়া করবেন।’ নিজের ফেইসবুক অফিশিয়াল পেইজে দোয়া চেয়েছেন মোসাদ্দেক হোসেন সৈকত। জাতীয় দলের ব্যাটসম্যান ওই বিশেষ স্ট্যাটাস দিয়েছেন বিশেষ একটি ছবি পোস্ট করে। তার পাশে ঘোমটা পরা এক তরুণী। তাকে বিয়ে করেছেন মোসাদ্দেক। এটা ২৪ বছর বয়সী ক্রিকেটারের দ্বিতীয় বিয়ে।
পারিবারিকভাবে বিয়ে করেছেন ক্রিকেটার। স্ত্রীর নাম উম্মে তামান্না। নিজ জেলা ময়মনসিংহের কাচিঝুলিতে ঘরোয়া অনুষ্ঠানে মোসাদ্দেকের সঙ্গে শনিবার বিয়ের বন্ধনে বাধা পড়েছেন তিনি। এর আগে ২০১২ সালে খালাতো বোন সামিরা শারমিনের সঙ্গে বিয়ে হয়েছিল মোসাদ্দেকের। খাতা-কলমে তখন এই অলরাউন্ডারের বয়স মাত্র ১৬। যদিও বয়স বাড়িয়ে নেওয়া হয়েছিল। বয়সভিত্তিক দল থেকে উঠে আসা মোসাদ্দেকের সেই বিয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কাছে গোপন রাখা হয়েছিল।
আনুষ্ঠানিকভাবে সেটার জানাজানি হয় ২০১৮ সালে। ওই সময়ে বনিবনা হচ্ছিল না বলে মোসাদ্দেক ডিভোর্স দেন সামিরাকে। ক্রিকেটারের বিরুদ্ধে তখন সামিরা নারী নির্যাতন ও ১০ লাখ টাকা যৌতুক দাবির মামলা করেন মোসাদ্দেকের বিরুদ্ধে। পরে বিষয়টা মিটে যায়।
