করোনা অনেকেরই জীবনের নকশা বদলে দিয়েছে। সবারই জীবন যাপনে এসেছে নানা মাত্রার পরিবর্তন। সবচেয়ে বেশি বিপদে পড়েছে মধ্যবিত্ত। করোনাকালীন মধ্যবিত্তের টিকে থাকার লড়াইয়ের একটি গল্প নিয়ে নির্মিত হচ্ছে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘বেঁচে থাকার গল্প’। গত বারো জুলাই উত্তরার একটি শুটিং হাউসে চলচ্চিত্রটির দৃশ্যধারণের কাজ শেষ হয়েছে।
শ্যামল শিশিরের চিত্রনাট্য ও আলোক হাসানের পরিচালনায় নির্মিতব্য এই চলচ্চিত্রের বিভিন্ন চরিত্র অভিনয় করেছেন নাজিয়া হক অর্ষা, এফএস নাঈম, শিশু শিল্পী ঝিলিক সহ অনেকেই।
বেঁচে থাকার গল্প প্রসঙ্গে অর্ষা জানান –‘করোনাকালে মধ্যবিত্তের সঙ্গে ঘটে যাওয়া বা ঘটতে থাকা বাস্তবতাই বেঁচে থাকার গল্প’র গল্প। এই জায়গা থেকে দর্শক যখন গল্পে নিজেকে খুঁজে পাবে নিঃসন্দেহে তখন তা তাদের ভালো লাগবে।’
চিত্রনাট্যকার শ্যামল শিশির জানান, ‘করোনাকালীন মধ্যবিত্তের জীবন বাস্তবতার পাশাপাশি মেটাফোরিকালি এই গল্পে রাজনৈতিক আদর্শ্যচ্যুতির কারণে দেশ নিয়ে প্রজন্মের স্বপ্নভঙ্গের বিষয়টিও দেখা যাবে।’
প্রযোজক জাহিদ হাসান অভি জানান, ওটিপি প্ল্যাটফর্মের জন্য এই চলচ্চিত্রটি নির্মাণ করা হচ্ছে। পোস্ট প্রোডাকশনের কাজ শেষ হলেই খুব তাড়াতাড়ি একটি ওটিপি প্ল্যাটফর্মে মুক্তি দেওয়া হবে।
