প্রিমিয়ার লিগে শীর্ষ চারে থেকে চ্যাম্পিয়ন্স লিগ নিশ্চিত করার লড়াইয়ে নিজেদের চালকের আসনে রাখল চেলসি। আগের ম্যাচে হারের ধাক্কা সামলে নরিচ সিটিকে হারাল ফ্র্যাঙ্ক ল্যাম্পার্ডের দল।
মঙ্গলবার টেবিলের সবচেয়ে তলানির দল নরিচকে ১-০ গোলে হারায় চেলসি। ঘরের মাঠ স্ট্যামফোর্ড ব্রিজে অনুষ্ঠিত ম্যাচে প্রথমার্ধের যোগ করা সময়ে একমাত্র গোলটি করেন অলিভিয়ার জিরুদ। লিগে প্রথম পর্বে নরিচের মাঠে ৩-২ গোলে জিতেছিল দলটি।
ইংলিশ লিগের শিরোপা আগেই নিশ্চিত করে ফেলেছে লিভারপুল। এখন সেরা চারে থেকে কারা চ্যাম্পিয়ন্স লিগে খেলা নিশ্চিত করতে পারে সেই রোমাঞ্চ জেগে আছে। যেখানে বেশ হাড্ডাহাড্ডি লড়াই হচ্ছে চেলসি, লেস্টার সিটি, ম্যানচেস্টার ইউনাইটেডের মধ্যে।
এদিনের জয়ে ৩৬ ম্যাচে ১৯ জয় ও ৬ ড্রয়ে ৬৩ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে আছে চেলসি। এক ম্যাচ কম খেলা লেস্টার ৫৯ পয়েন্ট নিয়ে চারে আছে। সমান পয়েন্ট নিয়েও গোল পার্থক্যে পিছিয়ে পাঁচে আছে ম্যানচেস্টার ইউনাইটেড। ৫৫ পয়েন্ট নিয়ে উলভারহ্যাম্পটন আছে ছয় নম্বরে।
চ্যাম্পিয়ন লিভারপুলের পয়েন্ট ৩৫ ম্যাচে ৯৩। দ্বিতীয় স্থানে ম্যানচেস্টার সিটির পয়েন্ট ৩৫ ম্যাচে ৭২।
