সিরাজগঞ্জের শাহজাদপুরে বগুড়া-নগরবাড়ী মহাসড়কের বিসিক বাসস্ট্যান্ড এলাকায় গত সোমবার রাত ৩টার দিকে একটি ট্রাক বিকল হয়ে দীর্ঘ ১০ কিলোমিটার যানজটের সৃষ্টি হয়। খবর পেয়ে শাহজাদপুর ও হাটিকুমরুল হাইওয়ে থানার পুলিশ এবং উল্লাপাড়া সড়ক ও জনপদ বিভাগের কর্মীরা ইট-পাথরের রাবিশ ফেলে সড়কের খানাখন্দ বন্ধ করেন। পরে গতকাল মঙ্গলবার দুপুর ১টার দিকে ট্রাক সরিয়ে নিলে পরিস্থিতি স্বাভাবিক হয়।
উল্লাপাড়া সড়ক ও জনপদ বিভাগের উপসহকারী প্রকৌশলী আবদুল খালেক জানান, বিসিক বাসস্ট্যান্ড এলাকায় মহাসড়কের একপাশ মেরামত করা হচ্ছে। কিন্তু পাথর পেতে দেরি হওয়ায় ঢালাইকাজ আটকে রয়েছে। এরই মধ্যে গত দু’দিনের বৃষ্টিতে সড়কের অন্যপাশের বেহাশ দশা দেখা দেয়। সেখানেই ট্রাকটি বিকল হয়।
হাটিকুমরুল হাইওয়ে থানার ওসি নূরুন্নবী প্রধান জানান, ট্রাক বিকলের ফলে ১০ কিলোমিটার যানজট দেখা দেয়। বাস-ট্রাকসহ ৫ হাজার পরিবহন আটকা পড়ে যাত্রী ও শ্রমিকরা দুর্ভোগে পড়েন। ট্রাকটি সরিয়ে নেওয়ার পর গতকাল যান চলাচল স্বাভাবিক হয়।
