জাতীয় দলের অধিনায়ক, এ সময়ের দেশসেরা মিডফিল্ডার। এসব ছাপিয়ে আরেকটি পরিচয়ে পরিচিত হতে শুরু করেছেন জামাল ভুঁইয়া। ২০১৯-এর মাঝামাঝি থেকে লা লিগায় বিশেষজ্ঞ ধারাভাষ্যকার হিসেবে নিয়মিতই টিভি স্ক্রিনে দেখা যাচ্ছে ডেনমার্ক প্রবাসী এই ফুটবলারকে। লিওনেল মেসিদের খেলার ধারাভাষ্য দিতে দেখে ইউরোপিয়ান ফুটবল অনুসারীদের কাছে জামাল এখন পেয়েছেন ফুটবল বিশেষজ্ঞ। লা লিগা নিয়ে মতামত দিতে হচ্ছে বলেই লিগের গতি-প্রকৃতি সম্পর্কে ভালোই ধারণা রাখেন জামাল। সেই ধারণা থেকেই বর্তমান চ্যাম্পিয়ন বার্সেলোনার শিরোপা থেকে ধীরে ধীরে দূরে সরে যাওয়ার ব্যাখ্যা দিয়েছেন জামাল।
লকডাউনের আগে ২৭ ম্যাচে ৫৮ পয়েন্ট নিয়ে শীর্ষে ছিল বার্সা। দুই পয়েন্ট কম নিয়ে পরের স্থানেই ছিল রিয়াল মাদ্রিদ। প্রায় সাড়ে তিন মাস বিরতির শেষে বার্সা ৯ ম্যাচ খেলে ড্র করেছে ২ ম্যাচে। জিতেছে ৭টি। আর রিয়াল ৯ ম্যাচের সবকটিই জিতেছে। বার্সার এমন পড়তি পারফরম্যান্সের কারণ ব্যাখ্যা করলেন জামাল দেশ রূপান্তরকে, ‘লকডাউনপরবর্তী বার্সা ৯ ম্যাচ খেলে ফেললেও তারা যেন সঠিক ফরমেশনটা এখনো হাতরে বেড়াচ্ছে। তাছাড়া আক্রমণভাগে মেসির সতীর্থ গ্রিজমানকে একেবারে আত্মবিশ্বাসহীন মনে হচ্ছে। তাছাড়া রিয়ালের মতো বার্সার সাইড বেঞ্চও সে রকম শক্তিশালী নয়।’ বার্সার ডিফেন্সের সমালোচনাও করেছেন জামাল। সেই সঙ্গে অতিমাত্রায় মেসিনির্ভর হয়ে যাওয়াটাও বার্সার ব্যর্থতার অন্যতম কারণ হিসেবে মনে করেন তিনি, ‘বার্সার ডিফেন্স অপ্রত্যাশিতভাবেই আপ টু দ্য মার্ক নয়। তাছাড়া তারা মেসির কাছ থেকে অনেক বেশি প্রত্যাশা করছে, যা তাকে কখনো কখনো চাপে ফেলে দেয়। কারণ প্রত্যেকেই মনে করে মেসি সবসময়ই প্রত্যাশা পূরণ করেই যাবেন।’
পেছন থেকে রিয়ালের উঠে আসার পেছনে ফ্রান্সের বিশ্বকাপ জয়ী কোচ জিনেদিন জিদানের প্রশংসাও করেছেন জামাল, ‘জিদান দলটিকে দারুণভাবে সংগঠিত ও গোছানো একটা ইউনিটে পরিণত করেছেন। তাছাড়া তার মূল ফুটবলাররা প্রায় সবাই খুব ভালো পারফর্ম করছেন।’
