রোলার স্কেটিংয়ের ব্যতিক্রমী উদ্যোগ

আপডেট : ১৫ জুলাই ২০২০, ০৭:৩৮ এএম

করোনাকালে ব্যতিক্রমী সব উদ্যোগ নিয়ে নজির সৃষ্টি করেছে বাংলাদেশ রোলার স্কেটিং ফেডারেশন। বঙ্গবন্ধু স্টেডিয়াম কমপ্লেক্সে অবস্থিত শেখ রাসেল রোলার স্কেটিং স্টেডিয়ামের সামনে পথচারীদের জন্য তারা স্থাপন করেছে হাত ধোয়ার বেসিন। সেখানে তারা নিয়মিতই পানি, সাবান ও জীবাণুনাশক ব্যবহারে উৎসাহ দিয়ে যাচ্ছে পথচারীদের। এবার তারা এই বেসিন স্থাপনের উদ্যোগ নিতে যাচ্ছে প্রতিটি ক্রীড়া ফেডারেশনের প্রবেশ পথে। করোনার কারণে এতদিন বন্ধ থাকা ক্রীড়া ফেডারেশনগুলো ধীরে ধীরে খুলতে শুরু করেছে। ফেডারেশনের কর্মকর্তা ও স্টাফরা অফিসে প্রবেশের আগে জীবাণুনাশক দিয়ে হাত পরিষ্কার করতে পারে সেই চিন্তা থেকেই এই কর্মসূচি হাতে নিয়েছে ফেডারেশনটি। আগামীকাল অনলাইনে এই কর্মসূচির উদ্বোধন করবেন ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল এবং অলিম্পিক অ্যাসোসিয়েশনের মহাসচিব সৈয়দ সাহেদ রেজা। ফেডারেশনের সাধারণ সম্পাদক আসিবুল হাসান বলেন, ‘অনেকে তো অনেক কিছুই করছে, কিন্তু ক্রীড়াঙ্গনকে করোনা থেকে নিরাপদ রাখতে আমরা এই উদ্যোগটি নিতে যাচ্ছি। বেসিন স্থাপনের পাশাপাশি আমরা স্বাস্থ্য সুরক্ষা সরঞ্জামাদিও দেব ফেডারেশনগুলোকে।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত