হালকা প্রকৌশল পণ্য রপ্তানিতে ভর্তুকি সুবিধা

আপডেট : ১৫ জুলাই ২০২০, ০৭:৪২ এএম

শর্তসাপেক্ষে হালকা প্রকৌশল পণ্য রপ্তানিতেও এখন থেকে ভর্তুকি সুবিধা দেওয়া হবে। টেলিগ্রাফিক ট্রান্সফারের (টিটি) মাধ্যমে অগ্রিম রপ্তানিমূল্য প্রত্যাবাসন ব্যবস্থায় হালকা প্রকৌশল পণ্য রপ্তানির বিপরীতে ভর্তুকি পাবেন রপ্তানিকারকরা।

গতকাল মঙ্গলবার এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করে তফসিলি ব্যাংকগুলোর ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তার কাছে পাঠিয়েছে বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রা ও নীতি। প্রজ্ঞাপনে বলা হয়, বিদ্যমান ব্যবস্থায় রপ্তানি ঋণপত্র অথবা চুক্তিপত্রের আওতায় রপ্তানি পরবর্তী পর্যায়ে প্রণীত দলিলাদি কিংবা ডকুমেন্টারি কালেকশনের মাধ্যমে প্রত্যাবাসিত রপ্তানি আয়ের বিপরীতে ভর্তুকি প্রদানের পাশাপাশি নিম্নলিখিত শর্ত পরিপালন সাপেক্ষে টিটির মাধ্যমে অগ্রিম রপ্তানিমূল্য প্রত্যাবাসন ব্যবস্থায় হালকা প্রকৌশল পণ্য রপ্তানির বিপরীতে ভর্তুকি প্রযোজ্য হবে। টিটির মাধ্যমে অগ্রিম রপ্তানিমূল্য প্রত্যাবাসনের শর্তযুক্ত রপ্তানি ঋণপত্র বা চুক্তিপত্রের বিপরীতে রপ্তানির ক্ষেত্রে অনুমোদিত ডিলার ব্যাংক শাখাকে বিদেশি ক্রেতার যথার্থতা বা বিশ্বাসযোগ্যতা, মূল্যের সঠিকতা এবং বাংলাদেশ থেকে প্রকৃত রপ্তানির নিমিত্ত অগ্রিম মূল্য প্রত্যাবাসন সম্পর্কে টিটি বার্তার ভাষ্য ও অন্যান্য কাগজপত্রের ভিত্তিতে নিশ্চিত হয়ে নিতে হবে।

টিটির মাধ্যমে অগ্রিম মূল্য পরিশোধ সরাসরি ব্যাংকিং চ্যানেলের মাধ্যমে (এক্সচেঞ্জ হাউজ ছাড়া) রপ্তানি আদেশ প্রদানকারী বা রপ্তানি আদেশ প্রদানকারীর সঙ্গে সুনির্দিষ্ট ব্যবসায়িক সম্পর্ক রয়েছে এরূপ উৎস থেকে প্রত্যাবাসনের বিষয়টি নিশ্চিত হতে হবে এবং টিটি বার্তার ভাষ্যে আমদানি সংশ্লিষ্ট তথ্যসূত্র উল্লেখ থাকতে হবে। এ নির্দেশনা চলতি বছরের ১০ মার্চ থেকে কার্যকর হবে। হালকা প্রকৌশল খাতে রপ্তানির বিপরীতে ভর্তুকি সংশ্লিষ্ট ফরেন একচেঞ্জ প্রজ্ঞাপনের অন্যান্য নির্দেশনা যথারীতি অপরিবর্তিত থাকবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত