ব্রাজিলিয়ান স্ট্রাইকার কিনছে বার্সেলোনা

আপডেট : ১৫ জুলাই ২০২০, ১২:২২ পিএম

লিওনেল মেসির সঙ্গে নতুন চুক্তি নিয়ে অনিশ্চয়তা; লুইস সুয়ারেসের বয়সও বাড়ছে। এসব ভাবনা থেকে আক্রমণভাগ সমৃদ্ধ করতে এখনই কাজ শুরু করে দিয়েছে বার্সেলোনা। একাধিক স্প্যানিশ সংবাদমাধ্যমে খবর, ব্রাজিলিয়ান এক তরুণ স্ট্রাইকারের সঙ্গে চুক্তি করতে যাচ্ছে কাতালান ক্লাবটি।

স্প্যানিশ সংবাদমাধ্যম এএস জানিয়েছে, সাও পাওলোর টিন এজ ফুটবলার গুস্তাভো মাইয়ার সঙ্গে চুক্তি নিয়ে মতৈক্য হয়েছে বার্সেলোনার।

আর ক্রীড়া বিষয়ক ওয়েবসাইট ইএসপিএন জানিয়েছে, এই চুক্তির জন্য চলতি বছরের শুরুতে গুস্তাভোর ক্লাব সাও পাওলো এফসি’কে এরই মধ্যে ১০ লাখ ইউরো দিয়েছে বার্সেলোনা।

১৫ জুলাই চুক্তিটি সম্পন্ন হওয়ার কথা। চুক্তির শর্ত অনুযায়ী গুস্তাভোর স্পোর্টিং রাইট হিসেবে বার্সেলোনাকে আরও ৪৫ লাখ ইউরো দেওয়ার কথা রয়েছে। আর কাতালান ক্লাবটি ভবিষ্যতে তাকে বিক্রি করলে সেখান থেকেও ৩০ শতাংশ অর্থ পাওয়ার কথা রয়েছে সাও পাওলোর।

১৯ বছর বয়সী এই ফুটবলার স্ট্রাইকার হলেও প্রয়োজনে উইংয়ে ও সেন্ট্রাল মিডফিল্ডার হিসেবেও ভূমিকা পালন করতে পারেন।

সাও পাওলোর বিখ্যাত একাডেমি কোতিয়াতে ফুটবলে হাতেখড়ি গুস্তাভোর। এই একাডেমি থেকেই ফুটবলার হয়ে বেরিয়েছেন কাকা, কাসেমিরো ও লুকাস মাওরার মতো অনেক তারকা।

গুস্তাভো এরই মধ্যে অনূর্ধ্ব-১৬ ও অনূর্ধ্ব-১৭ দলের হয়ে ব্রাজিলের প্রতিনিধিত্ব করেছেন। বার্সেলোনার মধ্য দিয়ে ইউরোপীয় ফুটবলে নাম লেখাতে যাচ্ছেন তিনি।

বার্সেলোনার নাম লেখানোর পর আগামী মৌসুমে ক্লাবটির ‘বি’ টিমের হয়ে মাঠে নামবেন গুস্তাভো। শীর্ষ দলে নামানোর আগে এই বিরতি দেওয়া হবে তাকে।

১৪ বছর বয়সে সাও পাওলোয় আসেন গুস্তাভো। ক্লাবটির সঙ্গে তার চুক্তি আছে ২০২২ পর্যন্ত। এরই মধ্যে দলটির হয়ে সাতটি শিরোপা জিতেছেন তিনি। ২০১৮ সাল ছিল তার সেরা মৌসুম। ওই সময় ৩৬ ম্যাচে গোল করেন ৩০টি।

করোনাভাইরাস সংকটের কারণে আর্থিক চাপে প্রতিভাবান এই খেলোয়াড়তে বিক্রি করতে হচ্ছে সাও পাওলোকে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত