৭২ ঘণ্টার মধ্যে করোনা পরীক্ষার ফল দিতে স্বাস্থ্য মন্ত্রণালয়ের নির্দেশ

আপডেট : ১৬ জুলাই ২০২০, ০৫:০০ এএম

করোনা মোকাবিলায় গঠিত জাতীয় পরামর্শক কমিটির সুপারিশের পরিপ্রেক্ষিতে ৭২ ঘণ্টার মধ্যে করোনা পরীক্ষার ফল দিতে স্বাস্থ্য অধিদপ্তরকে নির্দেশ দিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়। এ ছাড়া ৫০ থেকে ৬০ বছর বয়সের ব্যক্তিদের নমুনা পরীক্ষার জন্য বাড়িতে গিয়ে সংগ্রহ করতে বলা হয়েছে। স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের উপসচিব ও কমিটির ফোকাল পয়েন্ট শামীমা নাসরিন গতকাল বুধবার স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালককে আলাদা দুই চিঠিতে এ নির্দেশনা দেন।

একটি চিঠিতে বলা হয়, পরামর্শক কমিটির ১৪তম সভার সুপারিশের ভিত্তিতে জানানো হয়, কভিড-১৯ পরীক্ষার নমুনা সংগ্রহ থেকে ফলাফল পাওয়া পর্যন্ত অনেক সময় লেগে যাচ্ছে। এ ক্ষেত্রে ফল দ্রুত সরকারের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণাপ্রতিষ্ঠানকে পাঠানোর জন্য ব্যবস্থা নেওয়া প্রয়োজন।

আরেক চিঠিতে বলা হয়, প্রবীণরা কভিড-১৯ রোগে আক্রান্ত হচ্ছেন বেশি। বিভিন্ন কারণে তারা পরীক্ষার জন্য নমুনা সংগ্রহের স্থানে যেতে পারছেন না। ফলে প্রবীণদের স্বাস্থ্যঝুঁকি বেড়ে যাচ্ছে। এ কারণে ৫০ থেকে ৬০ বছর বয়সী ব্যক্তিদের বাড়িতে গিয়ে নমুনা সংগ্রহের জন্য নির্দেশ দেওয়া হচ্ছে। তবে ৬০ বছরের বেশি বয়সী প্রবীণদের বিষয়ে এ নির্দেশনায় কিছু বলা হয়নি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত