করোনায় রাবি শিক্ষক জয়নুল আবেদীনের মৃত্যু

আপডেট : ১৬ জুলাই ২০২০, ০৬:১৯ এএম

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেলেন রাজশাহী বিশ^বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত অধ্যাপক ড. জয়নুল আবেদীন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। গতকাল বুধবার সকালে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান ইনস্টিটিউট অব বাংলাদেশ স্টাডিজ (আইবিএস) থেকে মাস কয়েক আগে অবসরে যাওয়া এই শিক্ষক।

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে জয়নুল আবেদীনসহ বিশ^বিদ্যালয়টির দুই শিক্ষক মারা গেলেন। এ ছাড়া চলতি জুলাই মাসে আরও দুই শিক্ষক বার্ধক্যজনিত কারণসহ অন্যান্য কারণে মারা যান।

আইবিএস পরিচালক অধ্যাপক জাকির হোসেন ড. জয়নুলের মৃত্যুর খবর নিশ্চিত করে বলেন, অধ্যাপক জয়নুল আবেদীন কয়েক মাস আগে আইবিএস থেকে অবসর নিয়ে ঢাকার মিরপুরে ছেলের বাড়িতে ছিলেন। কয়েক দিন আগে তিনি অসুস্থ হয়ে পড়লে তাকে হাসপাতালে ভর্তি করা হয়।

তিনি জানান, গতকাল দুপুরের দিকে সরকারি নির্দেশনা অনুযায়ী ঢাকার রায়েরবাজার কবরস্থানে দাফন করা হয়েছে তাকে।

কর্মজীবনে অধ্যাপক জয়নুল আবেদীন রাজশাহী বিশ^বিদ্যালয়ের আইবিএসের পরিচালকের দায়িত্ব পালন করেন। শিক্ষকতার আগে তিনি বাংলাদেশ ইনস্টিটিউট অব ব্যাংক ম্যানেজমেন্ট (বিআইবিএম) এবং কুমিল্লার বার্ডে কর্মরত ছিলেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত