সড়কে প্রাণ গেল ৩ জনের

আপডেট : ১৬ জুলাই ২০২০, ০৬:২১ এএম

দেশের তিন জেলায় গত ২৪ ঘণ্টায় সড়ক দুর্ঘটনায় এক শিশুসহ তিনজন নিহত হয়েছে। গতকাল বুধবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এসব দুর্ঘটনা ঘটে। এর মধ্যে ঝিনাইদহের শৈলকূপায় দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে এক ব্যবসায়ী নিহত হয়েছেন। এছাড়া ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে পিকআপ ভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে এর চালক ও লক্ষ্মীপুরের কমলনগরে যাত্রীবাহী লেগুনাচাপায় এক শিশু নিহত হয়েছে। বিস্তারিত প্রতিনিধিদেরর পাঠানো খবরে :

ঝিনাইদহ : শৈলকূপায় দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে জামাল হোসেন শেখ (৪৯) নামে এক ব্যবসায়ী নিহত হয়েছেন। গতকাল সকালে স্থানীয় হাটফাজিলপুর বাজারের কাছে এ দুর্ঘটনা ঘটে। জামাল শেখ উপজেলার কবীরপুর বাজারপাড়ার প্রয়াত মহসিন আলী শেখের ছেলে। শৈলকূপা থানার ওসি জাহাঙ্গীর আলম জানান, গতকাল সকাল ৯টার দিকে বাকিতে বিক্রি করা মোটরসাইকেলের কিস্তির টাকা আদায়ের জন্য হাটফাজিলপুর বাজারে যাচ্ছিলেন জামাল। পথে তার মোটরসাইকেল বাজারের কাছে পৌঁছলে অন্য একটি মোটরসাইকেলের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে গুরুতর আহত হন তিনি। পরে তাকে উদ্ধার করে প্রথমে শৈলকূপা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে ফরিদপুর মেডিকেল কলেজে পাঠানো হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় তার।

ব্রাহ্মণবাড়িয়া : বিজয়নগরে পিকআপ ভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে আমির হোসেন (২৪) নামে এর চালক নিহত হয়েছেন। গতকাল সকালে উপজেলার চর-ইসলামপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। আমির কিশোরগঞ্জ জেলার ভৈরব উপজেলার বাসিন্দা। পুলিশ জানায়, গতকাল সকালে পণ্যসামগ্রী নামিয়ে ফেরার পথে রামপুর-মনিপুর সড়কের চর-ইসলামপুর ইউনিয়ন পরিষদের সামনে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায় পিকআপটি। এতে ঘটনাস্থলেই চালক আমিরের মৃত্যু হয়। বিজয়নগর থানার ওসি মো. আতিকুর রহমান জানান, খবর পেয়ে লাশ উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায় পুলিশ।

লক্ষ্মীপুর : কমলনগরে যাত্রীবাহী লেগুনাচাপায় চাঁদনী আক্তার (৪) নামে এক শিশু নিহত হয়েছে। গতকাল সন্ধ্যায় রামগতি-লক্ষ্মীপুর সড়কের চরলরেঞ্চ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। চাঁদনী উপজেলার হাজিরহাট ইউনিয়নের চরজাঙ্গালিয়া এলাকার সাখায়েত উল্যার মেয়ে। পুলিশ জানায়, সন্ধ্যায় রামগতি-লক্ষ্মীপুর সড়কে মায়ের সঙ্গে রিকশা থেকে নেমে দৌড়ে রাস্তা পার হচ্ছিল চাঁদনী। এ সময় রামগতিগামী দ্রুতগতির একটি যাত্রীবাহী লেগুনা তাকে চাপা দেয়। এতে সে গুরুতর আহত হয়। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন। কমলনগর থানার ওসি মোহাম্মদ নুরুল আবছার জানান, চালকসহ লেগুনাটি জব্দ করা হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত