করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দিনাজপুরের চিরিরবন্দর উপজেলার এক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও কলেজের অধ্যক্ষ, নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে এক নারী এবং টাঙ্গাইলের মির্জাপুরে এক ব্যবসায়ী মারা গেছেন। প্রতিনিধিদের পাঠানো খবর :
দিনাজপুর : চিরিরবন্দর উপজেলার সাতনালা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইছামতি মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ এ কে এম ফজলুর রহমান (৬৫) করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন।
গতকাল বুধবার ভোরের দিকে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। করোনা আক্রান্ত হয়ে মারা যাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন দিনাজপুরের সিভিল সার্জন ডা. আবদুল কুদ্দুছ।
চিরিরবন্দর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা যায়, ইউপি চেয়ারম্যান ফজলুর রহমান করোনা উপসর্গ নিয়ে গুরুতর অসুস্থ অবস্থায় গত ৩০ জুন হাসপাতালে আসেন। সেখান থেকে তাকে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর পর করোনা পরীক্ষা করা হলে ওই চেয়ারম্যানের করোনা পজিটিভ আসে।
সোনারগাঁ (নারায়ণগঞ্জ) : করোনায় সোনারগাঁয়ে হাসিনা বেগম (৫৩) নামে এক নারীর মৃত্যু হয়েছে। তিনি গত মঙ্গলবার দিনগত রাত তিনটায় রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। তিনি উপজেলার বৈদ্যেরবাজার ইউনিয়নের রামগঞ্জ গ্রামের শাহদাত হোসেনের স্ত্রী। স্থানীয় সাংসদের গঠিত ‘আমরা স্বেচ্ছাসেবী করোনা যোদ্ধা’ টিম গতকাল বুধবার সকালে স্বাস্থ্যবিধি মেনে তার লাশ দাফন করে।
মির্জাপুর (টাঙ্গাইল) : মির্জাপুরে করোনায় আক্রান্ত হয়ে হানিফ মিয়া (৬৫) নামে এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। গতকাল বুধবার সকাল ১০টার দিকে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয় বলে পারিবারিক সূত্রে জানা গেছে। তিনি মির্জাপুর পৌর এলাকার পুষ্টকামুরী গ্রামের মৃত সলিম উদ্দিনের ছেলে।
