খুলনায় অপহৃত শিশু কুষ্টিয়া থেকে উদ্ধার

আপডেট : ১৬ জুলাই ২০২০, ০৮:৩০ এএম

খুলনা থেকে অপহৃত একটি শিশুকে কুষ্টিয়া থেকে উদ্ধার করেছে খুলনা মহানগর পুলিশ (কেএমপি)। এ সময় অপহরণের সঙ্গে জড়িত কুষ্টিয়ার কাঞ্চনপুর এলাকার আবু তালেব বিশ্বাসের ছেলে ফারুক বিশ্বাস (৪৭) ও তার স্ত্রী রুবিনা আক্তারকে (৪৫) গ্রেপ্তার করা হয়েছে।

গতকাল বুধবার দুপুরে খুলনা সদর থানায় আয়োজিত কেএমপির এক সংবাদ ব্রিফিংয়ে এই তথ্য জানানো হয়।

কেএমপির ডেপুটি কমিশনার (দক্ষিণ) এম এম শাকিলুজ্জামান জানান, খুলনা নগরীর একটি মহল্লা থেকে গত মঙ্গলবার সকাল ৯টার দিকে চার বছরের ওই শিশুকে চকলেট খাওয়ানোর প্রলোভন দিয়ে অপহরণ করা হয়। শিশুটির মা এক প্রতিবেশীর মাধ্যমে বিষয়টি জানতে পারেন। পরে এ ব্যাপারে পুলিশের কাছে অভিযোগ করেন তিনি। এদিকে শিশুটির মায়ের কাছে মোবাইল ফোনে ২ লাখ টাকা মুক্তিপণ দাবি করে অপহরণকারীরা। সেই মোবাইল ফোন নম্বর ট্র্যাক করে গত মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে কুষ্টিয়ার কাঞ্চনপুর এলাকা থেকে শিশুটিকে উদ্ধার করে পুলিশ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত