খুলনায় আধিপত্য বিস্তারের জের ধরে দুই দল গ্রামবাসীর মধ্যে সংঘর্ষের সময় গোলাগুলিতে দুজন নিহত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার রাত ৯টার দিকে নগরীর খানজাহান আলী থানার মশিয়ালী গ্রামে এ ঘটনা ঘটে। এ সময় গুলিবিদ্ধ হয়েছেন আরও ৬ জন। নিহতরা হলেন- একই গ্রামের নজরুল ইসলাম (৬০) ও মো. গোলাম রসুল। গুলিবিদ্ধ ৬ জন হলেন- সাইফুল, শামীম, রবি, সুজন, রানা ও খলিল। গ্রামবাসী ও পুলিশ জানায়, এলাকায় প্রভাব বিস্তারকে কেন্দ্র করে মশিয়ালী গ্রামের ফকির ও শেখ বংশের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এ বিরোধের জের ধরে রাত সাড়ে ৮টার দিকে দু’পক্ষের মধ্যে সংঘর্ষ ও গুলি বিনিময়ের ঘটনা ঘটে। এ সময় নজরুল ইসলাম, গোলাম রসুল, সাইফুল, শামীম, রবি, সুজন, রানা ও খলিল গুলিবিদ্ধ হয়। রাত ৯টায় আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে তাদের ফুলতলা উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক নজরুল ও রসুলকে মৃত ঘোষণা করেন।
ফুলতলা উপজেলা স্বাস্থ্যকেন্দ্রের চিকিৎসক ডা. তানিয়া সুলতানা দেশ রূপান্তরকে বলেন, রাত ৯টার দিকে নজরুল ইসলাম ও গোলাম রসুলকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়েছিল। এছাড়া প্রাথমিক চিকিৎসার পর গুলিবিদ্ধ ৬ জনকে খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতালে পাঠানো হয়।
খানজাহান আলী থানার ওসি মো. শফিকুল ইসলাম দেশ রূপান্তরকে বলেন, সংঘর্ষের পর ফুলতলা স্বাস্থ্য কমপ্লেক্সে দুজন মারা যান। অন্যদের খুমেক হাসপাতাল নেওয়া হয়েছে।
