দেশের উত্তর ও উত্তর-মধ্যাঞ্চলে সৃষ্ট বন্যার প্রভাবে রাজধানীর কাঁচাবাজারে চড়েছে নিত্যপণ্যের দাম। টানা তিন সপ্তাহে এখনো ৫০ টাকার নিচে মিলছে না তেমন কোনো সবজি। বেড়েছে ডিমের দামও। তবে কেজিতে ১০ টাকা কমেছে ব্রয়লার মুরগির দাম। বাড়েনি মসলা জাতীয় পণ্যের দাম।
গতকাল বৃহস্পতিবার রাজধানীর সবচেয়ে বড় পাইকারি বাজার কারওয়ান বাজার ঘুরে দেখা যায়, সব ধরনের পণ্যই গত সপ্তাহের মতো চড়া দামে বিক্রি হচ্ছে। পাইকারি ক্রেতারাও পরিমাণে আগের চেয়ে কম কিনছেন। যদিও বাজারে সবজির সরবরাহের তেমন ঘাটতি দেখা যায়নি।
গতকাল রাজধানীর বিভিন্ন খুচরা বাজার ঘুরে দেখা যায়, আগের মতোই রয়েছে সব ধরনের চালের দাম। প্রতিকেজি ভালো মানের নাজিরশাইল চাল খুচরায় বিক্রি হচ্ছে ৬৮-৭০ টাকা দরে। মিনিকেট চালের কেজি (পুরাতন) ৬০ টাকা ও নতুন ৫৮ টাকায় বিক্রি হচ্ছে। প্রতিকেজি বিরি-২৮ চাল বিক্রি হয়েছে ৪৮-৬২ ও মোটা চাল বিক্রি হয়েছে ৪২-৪৩ টাকা দরে। তবে বস্তা হিসেবে কিনলে কেজিতে ১-২ টাকা কম দামে কিনতে পারছেন ক্রেতারা।
বাজারে সবচেয়ে বেশি চড়া সবজির দাম। প্রতিকেজি বরবটি বাজারে বিক্রি হচ্ছে ৬০-৭০ টাকা দরে। বেগুনের কেজি ৫০-৬০ টাকা, টমেটোর কেজি বিক্রি হয়েছে ১৩০ টাকা দরে। এছাড়া প্রতিকেজি পেঁপে ও চিচিঙ্গা বিক্রি হয়েছে ৫০-৬০ টাকা, পটোল ও কাঁকরোল ৫০-৫৫ টাকা, করলা ৬০ টাকা ও গাজর ১০০ টাকা দরে। প্রতিকেজি ঢেঁড়স বিক্রি হয়েছে ৫০-৬৫ টাকা দরে।
বাজারে প্রতিটি মাঝারি আকারের মিষ্টি কুমড়া বিক্রি হচ্ছে ৬০-৬৫ টাকায়, লাউ ৫০-৬০ টাকা ও চাল কুমড়া ৪৫-৫০ টাকা দরে। প্রতি আঁটি লালশাক ১০ টাকা, পুঁইশাক ২৫-৩০ টাকা ও ডাঁটাশাক মান ভেদে ১৫-২৫ টাকা দরে বিক্রি হয়েছে। বাজারে এতদিন কাঁচামরিচের দাম চড়তে থাকলেও ভারতের মরিচ আমদানির কারণে কিছুটা দাম কমতে শুরু করেছে। কারওয়ান বাজারে প্রতিকেজি কাঁচামরিচ পাইকারিতে বিক্রি হয়েছে ৯৫-১০০ টাকায়। আর খুচরায় কিনতে হলে ক্রেতাদের কেজিপ্রতি দাম পড়ছে ১৪০-১৬০ টাকা। এক সপ্তাহ আগেও প্রতিকেজি কাঁচামরিচ খুচরায় ২০০ টাকা ও পাইকারিতে ১৫০ টাকায় বিক্রি হয়েছিল।
বাজারে ছোট আকারের প্রতিকেজি রুই, কাতল ও মৃগেল ২২০-২৫০, বড় আকারের রুই, কাতল ও মৃগেল ৩০০-৪০০, পাবদা ৪০০-৫০০, টেংরা ৪০০-৫০০, পাঙ্গাশ ১৪০-১৫০, তেলাপিয়া ১৪০-১৭০, হাইব্রিড কই ২০০-২২০, ১ কেজি ওজনের ইলিশ ১০০০-১১০০, মাঝারি ইলিশ ৭০০-৮০০ ও ছোট আকারের ইলিশ ৫০০ টাকা দরে বিক্রি হয়েছে।
ব্রয়লার মুরগি বাজারভেদে কেজিতে ১০ টাকা কমে ১৩০-১৪০ টাকা দরে বিক্রি হয়েছে। তবে ফার্মের মুরগির দাম পাইকারিতে ডজনে ৫ টাকা বেড়ে ১০৫ টাকা দরে বিক্রি হয়েছে। আর খুচরায় কিনতে হলে প্রতি হালির দাম পড়ছে ৩৮ টাকা। এছাড়া লেয়ার মুরগির কেজি ২০০-২২০, গরুর মাংস ৫৫০-৬০০ ও খাসির মাংসের কেজি ৭৫০-৮০০ টাকা।
