বুড়িগঙ্গায় লঞ্চডুবি

তদন্ত কমিটির প্রতিবেদন চেয়েছে সংসদীয় কমিটি

আপডেট : ১৭ জুলাই ২০২০, ০৬:৪১ এএম

বুড়িগঙ্গা নদীতে সাম্প্রতিক লঞ্চডুবি ও হতাহতের ঘটনায় নৌপরিবহন মন্ত্রণালয় ও বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্র্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) তদন্ত কমিটির প্রতিবেদন চেয়েছে সংসদীয় কমিটি। গতকাল বৃহস্পতিবার জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত নৌপরিবহন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকে এ বিষয়ে আলোচনা হয়।

বৈঠক শেষে কমিটির সদস্য সাবেক নৌমন্ত্রী শাজাহান খান বলেন, বুড়িগঙ্গা নদীতে সাম্প্রতিক দুর্ঘটনার পর যে তদন্ত কমিটি গঠন করা হয় তার রিপোর্ট আমরা চেয়েছি। রিপোর্ট সংসদীয় কমিটি পর্যালোচনা করতে চায়, যাতে ভবিষ্যতে এ ধরনের দুর্ঘটনা এড়ানো যায়।

সংসদীয় কমিটির বৈঠকে নৌপথে যাত্রী হয়রানি এবং অনাকাক্সিক্ষত দুর্ঘটনা এড়ানোর জন্য সদরঘাট লঞ্চ টার্মিনালে ই-টিকেটিং কার্যক্রম গ্রহণ করা হবে বলে মন্ত্রণালয় থেকে জানানো হয়েছে।

বৈঠকে বিআইডব্লিউটিএ এবং বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশনের (বিআইডব্লিউটিসি) উন্নয়ন কার্যক্রম, ড্রেজিং পরিস্থিতি এবং বর্তমানে দেশের করোনাভাইরাস পরিস্থিতিতে গৃহীত পদক্ষেপগুলো উপস্থাপন করা হয় বলে সংসদ সচিবালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

বৈঠকে ২০১৯-২০২০ অর্থবছরের চলমান প্রকল্পগুলোর কাজ দ্রুত বাস্তবায়নের জন্য সংশ্লিষ্ট সংস্থার প্রধানদের নির্দেশনা দেওয়া হয়। এ ছাড়া বিআইডব্লিউটিএ ও বিআইডব্লিউটিসির শূন্য পদগুলো দ্রুত পূরণ নিয়েও আলোচনা হয়। এ ছাড়া অধিদপ্তরগুলোতে জনবলের ঘাটতি কত, কীভাবে তা পূরণ করা যায়, সে বিষয়ে আগামী বৈঠকে একটি প্রতিবেদন দেওয়ার সুপারিশ করা হয়।

কমিটির সভাপতি রফিকুল ইসলাম বীরউত্তমের সভাপতিত্বে বৈঠকে কমিটির সদস্য শাজাহান খান, মো. মজাহারুল হক প্রধান, রণজিত কুমার রায়, মো. আছলাম হোসেন সওদাগর ও এস এম শাহজাদা অংশ নেন।

ময়ূর-২ লঞ্চের সুকানি রিমান্ডে : রাজধানীর সদরঘাটের শ্যামবাজার সংলগ্ন বুড়িগঙ্গা নদীতে লঞ্চডুবির ঘটনায় ময়ূর-২ লঞ্চের সুকানি মো. নাসির মৃধার (৪০) তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। গতকাল বৃহস্পতিবার তাকে ঢাকার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয়। মামলার সুষ্ঠু তদন্তের জন্য সাত দিনের রিমান্ডে নিতে আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা সদরঘাট নৌথানার উপ-পরিদর্শক শহিদুল আলম।

এর আগে গত বুধবার ভোরে বাগেরহাট জেলার বন্দর এলাকায় অবস্থানরত এমভি রাজিব-২ কার্গো জাহাজ থেকে তাকে গ্রেপ্তার করে র‌্যাব। তিনি বরিশালের বাকেরগঞ্জ উপজেলার ভবানীপুর এলাকার মো. শাহজাহান মৃধার ছেলে। দুর্ঘটনার সময় লঞ্চটির মাস্টার আবুল বাশার মোল্লার জায়গায় সুকানি নাসির লঞ্চটি চালাচ্ছিলেন বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

প্রসঙ্গত গত ২৯ জুন মুন্সীগঞ্জ থেকে ঢাকার সদরঘাটের উদ্দেশে ছেড়ে আসা মর্নিং বার্ড নামের লঞ্চটিকে বুড়িগঙ্গায় ধাক্কা দিয়ে ডুবিয়ে দেয় ময়ূর-২ নামের একটি লঞ্চ। এ ঘটনায় ৩৪ জন মারা যান। পরে নৌপুলিশ সদরঘাট থানার উপ-পরিদর্শক সামশুল আলম বাদী হয়ে ময়ূর-২ লঞ্চের মালিক মোসাদ্দেক হানিফকে প্রধান আসামি করে ৭ জনের বিরুদ্ধে মামলা করেন। এজাহারভুক্ত ৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এখনো মাস্টার জাকির ও গ্রিজার হৃদয় পলাতক রয়েছেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত