লক্ষ্মীপুরে চুরির অপবাদ দিয়ে মহিনউদ্দিন (৪৫) নামে এক সিএনজিচালককে তিন দিন ধরে আটকে রেখে নির্যাতনের অভিযোগ উঠেছে জেলা কৃষক লীগ সভাপতি ও সদর উপজেলা তেওয়ারিগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ওমর হোসাইন ভুলুর বিরুদ্ধে। পুলিশ জানিয়েছে, খবর পেয়ে গত বুধবার রাতে আহত অবস্থায় ইউনিয়নের ধর্মপুর গ্রামের মহিনকে উদ্ধার করা হয়েছে।
জানা যায়, গত সোমবার লক্ষ্মীপুর শহরের উত্তর তেমুহনী এলাকায় নিজাম ও কপিল নামে দুজন মহিনের সিএনজিতে উঠে। পরে সোনালী ব্যাংক থেকে ৫ লাখ টাকা তুলে একই সিএনজিতে জাহাঙ্গীর নামে লক্ষ্মীপুর পৌরসভার এক পিয়ন ওঠেন। পথে কৌশলে জাহাঙ্গীরের ১ লাখ টাকা নিয়ে নেমে যায় নিজাম ও কপিল। পরে চেয়ারম্যান ওমর সিএনজিচালক মহিনকে মোবাইলে ডেকে এনে তার ইউনিয়ন পরিষদে তিন দিন আটকে বেধড়ক মারধর করেন। মহিনের সন্তানরা চেয়ারম্যানের হাত-পা ধরেও তার বাবাকে ছাড়িয়ে নিতে পারেনি। পরে পুলিশকে খবর দিলে বুধবার রাত ১০টার দিকে ইউনিয়ন পরিষদের কার্যালয় থেকে আহত অবস্থায় মহিনকে উদ্ধার করা হয়।
নির্যাতনের বিষয়ে জানতে চাইলে চেয়ারম্যান ওমর বলেন, ‘মহিন চোরদের চেনে। তাই চোর ধরার জন্য তাকে আটকে রাখা হয়েছিল। তাকে কোনো নির্যাতন করা হয়নি।’ সদর থানা ওসি একেএম আজিজুর রহমান মিয়া জানান, আহত অবস্থায় উদ্ধার করে সদর হাসপাতালে প্রাথমিক চিকিৎসা শেষে মহিনকে থানা হেফাজতে রাখা হয়েছে। এ বিষয়ে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
