রোমাঞ্চকর ম্যাচে হার এড়াল জুভেন্তাস

আপডেট : ১৭ জুলাই ২০২০, ০৭:৩৬ এএম

টানা নবম শিরোপা হাতছানি দিচ্ছে, অথচ মৌসুমের শেষে এসে একের পর এক হোঁচট খাচ্ছে জুভেন্তাস। এসি মিলানের কাছে হারের পর আতালান্তার সঙ্গে ড্র করেছিল চ্যাম্পিয়নরা। বুধবার সাসুলোর বিপক্ষে ২-০ গোলে এগিয়ে গিয়েও কোনো রকমে ৩-৩-এ ম্যাচে ড্র করেছে। ৬ গোলের রোমাঞ্চের এই ম্যাচে গোলহীন ছিলেন ক্রিশ্চিয়ানো রোনালদো। টানা ৬ ম্যাচের পর গোলের ধারাবাহিকতা থামল পাঁচবারের বর্ষসেরা ফুটবলারের। করোনায় অনাকাক্সিক্ষত বিরতির পর খেলা ৭ লিগ ম্যাচে এটি দ্বিতীয় ড্র জুভেন্তাসের। হার একটি।

সাসুলোর মাঠে মাত্র ১২ মিনিটে দানিলো ও হিগুয়েনের গোলে এগিয়ে গিয়েছিল জুভরা। ২৯ এবং ৫১ ও ৫৪ মিনিটে তিন গোল করে এগিয়ে যায় স্বাগতিকরা। হারের শঙ্কায় পড়া জুভেন্তাসকে ৬৪ মিনিটে ম্যাচে ফেরান সান্দ্রো। ম্যাচে জুভেন্তাস ও ইতালি ডিফেন্ডার জর্জিও কিয়েলিনি ফিরলেও জুভেন্তাসের রক্ষণভাগ শক্ত হয়নি। চ্যাম্পিয়নস লিগ জয়ের আশায় থাকা দলটি গত ৫ ম্যাচে ৯ গোল হজম করেছে।

দারুণ শুরুর পর ছন্দপতন, ঘুরে দাঁড়ানোর আভাস দিয়ে খেই হারিয়ে ফেলা, গত কয়েক ম্যাচে জুভেন্তাসের এমন পারফরম্যান্স অদ্ভুত লাগছে

জুভেন্তাস কোচ মাওরিসিও সারির চোখে। শারীরিক ও মানসিক, দু’জায়গাতেই ঘাটতি দেখছেন তিনি, ‘একজন কোচ তার দলের কাছ থেকে ধারাবাহিকতা আশা করেন। আমাদের শারীরিক ও মানসিক, দু’দিকেই ঘাটতি আছে। ম্যাচে কিছু সময় আমরা দুর্দান্ত খেলছি, আবার কিছু সময়ে আমরা ছন্দ হারিয়ে ফেলছি, যা বুঝে ওঠা মুশকিল।’ ড্র করায় তালিকায় দ্বিতীয় স্থানে থাকা আতালান্তার সঙ্গে ৯ পয়েন্টের দূরত্ব বাড়াতে পারেনি শীর্ষের জুভেন্তাস (৩৩ ম্যাচে ৭৭ পয়েন্ট)। বাকি ৫ ম্যাচে তাই শিরোপা ধরে রাখা জুভদের জন্য চিন্তার কারণ। সারি বলেন, ‘আমাদের কাজও কঠিন হয়ে যাচ্ছে। এখন শিরোপা জিততে হলে আমাদের হিসাব বাদ দিয়ে প্রতি ম্যাচে সর্বোচ্চ সাফল্য পাওয়ার ব্যাপারে চিন্তা করতে হবে।’

জুভেন্তাসের চিন্তা কমছে প্রবল প্রতিদ্বন্দ্বী হয়ে ওঠা ল্যাজিওর টানা চতুর্থ ম্যাচে পয়েন্ট হারানোয়। টানা তিন হারের পর উদিনেসের মাঠে গোলশূন্য ড্র করায় তাদের সংগ্রহ এখন ৬৯। চারটি ম্যাচেই পূর্ণ পয়েন্ট পেলে এখন শীর্ষে থাকত তারাই। আতালান্তার সংগ্রহ ৭০ পয়েন্ট। এই তিন দলের তুলনায় করোনাপরবর্তী সিরি আ-তে ভালো করছে এসি মিলান। টানা সাত ম্যাচে অপরাজিত দলটি। বুধবার পারমার বিপক্ষে ৩-১ গোলের জয়ে ইউরোপা লিগে খেলার সম্ভাবনা উজ্জ্বল করেছে তারা ৫৩ পয়েন্ট নিয়ে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত