মহড়া কক্ষের খরচ জোগাতে সবজি বিক্রি করছে প্রাঙ্গণেমোর

আপডেট : ১৭ জুলাই ২০২০, ১১:৩৭ এএম

নাট্য সংগঠন প্রাঙ্গণেমোর চালু করেছে ‘প্রাঙ্গণেমোর থিয়েটার ভ্যান’। সঙ্কটকালীন এই উদ্যোগের স্লোগান হলো ‘শ্রমে সততায় সৃজনে বাঁচি’।

শুক্রবার সকালে প্রথম ক্রেতা হয়ে এই ভ্যানের উদ্বোধন করেন নাট্যব্যক্তিত্ব মামুনুর রশীদ। এ সময় উপস্থিত ছিলেন প্রাঙ্গণেমোরের অনন্ত হিরা, নূনা আফরোজসহ অন্য সদস্যরা।

এ প্রসঙ্গে অনন্ত হিরা বলেন, “আমাদের থিয়েটার বন্ধ চার মাস। মঞ্চের পর্দা খুলতে পারছি না। চাকরি হারিয়ে বেকার হয়েছে আমাদের কয়েকজন বন্ধু। আমাদের দলের অফিস যেখানে আমরা প্রতিনিয়ত নাটকের মহড়া করি, যেখানে আমাদের সব নাটকের সেট প্রপসসহ অন্যান্য প্রয়োজনীয় জিনিস থাকে যার সঙ্গে জড়িয়ে আছে থিয়েটারের প্রতিটি সদস্যের আত্মা— সেখানে গত চার মাস আমরা যেতে পারছি না। কিন্তু ভাড়া দিয়ে যাচ্ছি প্রতি মাসে ৩৫ হাজার টাকা করে। গত চার মাসে দেওয়া হয়েছে ১ লাখ ৪০ হাজার টাকা।”

আরও জানান, এই অবস্থায় প্রাঙ্গণেমোর কার্যালয়টি হারাবার আশঙ্কা করছেন কর্মীরা। এখানে থাকা ১৪টি চলমান প্রযোজনার সেট, প্রপস, প্রিন্টিং, কম্পিউটার, ব্যানারসহ প্রয়োজনীয় জিনিসের সঙ্গে রয়েছে প্রতিটি সদস্যের শ্রম, ঘাম আর আবেগের সম্পর্ক। তাই অফিসটি ধরে রাখতে ও কর্মহীন হয়ে পড়া সহকর্মীদের সাময়িক অর্থ সঙ্কট মেটাতে চালু হয়েছে ‘প্রাঙ্গণেমোর থিয়েটার ভ্যান’।

ইতিমধ্যে অর্থ সঙ্কটে পড়ে দলটির অনেক সদস্য রাজধানী ছেড়ে গ্রামের বাড়িতে চলে গেছেন বলেও জানা যায়। আশা করা হচ্ছে, নতুন এ উদ্যোগে তাদের সঙ্কট কিছুটা হলেও লাঘব হবে।

অনন্ত হিরা বলেন, আমাদের বন্ধুরা নিত্য প্রয়োজনীয় দ্রব্য ও টাটকা শাক-সবজি সাশ্রয়ীমূল্যে আপনার হাতে তুলে দিচ্ছে। প্রতিদিন সকাল ছয়টা থেকে দুপুর বারোটা পর্যন্ত আমরা থাকব মগবাজার, ইস্কাটন, বেইলী রোডসহ সেগুনবাগিচায়। এ ছাড়া হোম ডেলিভারিও দেওয়া হবে। মোটি পাঁচটি ভ্যান এই সেবা দেবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত